বর্তমান সরকার নারীদের জন্য খাসজমির বরাদ্দ আরো বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের সার্কিট হাউসে ‘বিভাগীয় পর্যায়ে খাদ্য নিরাপত্তায় সফল নারী কৃষক সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ও পরিবেশ ও কৃষি সংক্রান্ত এনজিও (আইএসডিই) এ সম্মাননা অনুষ্ঠান আয়োজন করে।
তিনি আরও বলেন, দেশের কৃষি খাত ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে নারীর অবদান অনস্বীকার্য। সবুজ বিপ্লবে নারীদের এই অগ্রণী ভূমিকা দেশের কৃষি খাতের পাশাপশি অন্যান্য খাতকেও এগিয়ে নিয়ে যাবে। সম্মাননাপ্রাপ্ত নারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নারীরা যাতে সহজ শর্তে ও স্বল্প সুদের কৃষি ঋণ,এসএমই ঋণ পায় সেটি নিশ্চিত করতে সরকার মাঠ পর্যায়ে নির্দেশ দিয়ে আসছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জাবেদ বলেন, বর্তমান সরকারের হাত ধরে বাংলাদেশ যখন মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হতে চলেছে তখন একটি জঙ্গিবাদী শক্তি রাজনৈতিক অস্থিতীশীলতা তৈরি করতে চাইছে। অগণতান্ত্রিকভাবে যাদের জন্ম গণতন্ত্রের বুলি তাদের মুখে মানায় না।
চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে ও কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক (চট্টগ্রাম) ইকবাল বাহার সাবেরির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাশ, কৃষি সম্প্রসারণ অধিদফতরের কমকর্তা মজিবর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতির সাবেক সভাপতি আবদুল আহাদ চৌধুরি ও ক্যাব চট্টগ্রামের সভাপতি এসএম নাজির হোসেনসহ প্রমুখ। উল্লেখ্য, নারীর শ্রমের অবদান শীর্ষক এই অনুষঠানে কৃষিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য চট্টগ্রাম বিভাগের পাচ জন নারীকে সম্মাননা দেয়া হয়। তারা হলেন উম্মে কুলসুম, আনার কলি, ফাতেমা বেগম, রোকেয়া বেগম ডা. শাহনাজ বেগম।




