স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দেশের সব জেলা পুলিশ সুপারের কাছে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বাস মালিকদের কাছে পুলিশ সুপারদের ফোন নম্বর দেওয়া হয়েছে। যেখানে সমস্যা হবে, পুলিশ সুপার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। কোনো পুলিশ সুপার এ দায়িত্বে অবহেলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশেনের কার্যকরী পরিষদের সদস্য মো. সালাউদ্দিন জানান, পুলিশের নিরাপত্তা এবং সরকারের সহযোগিতায় সারাদেশের সঙ্গে গাবতলী থেকে বাস চলাচল শুরু হয়েছে। তবে উত্তরবঙ্গে হরতাল পরিস্থিতি থাকায় সংশ্লিষ্ট জেলায় বাস চলাচল কম। এর আগে গত শুক্রবার বিকেলে বাস মালিকদের সঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান একটি বৈঠক করে সারাদেশে বাস চলাচল স্বাভাবিক রাখতে নির্দেশনা দেন। এ সময় অবরোধে কোনো বাস ক্ষতিগ্রস্ত হলে তার ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়। প্রধানমন্ত্রী নিজে এ ক্ষতিপূরণ দেবেন বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নৌপরিবহনমন্ত্রী বাস মালিকদের জানান।
এতে আশ্বস্ত হয়ে সারাদেশের সঙ্গে স্বাভাবিক বাস চলাচল শুরু হয়। তবে এখনও শতভাগ বাস চলাচল শুরু হয়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েতুল্লাহ। তিনি আরো জানান, পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে।




