চট্টগ্রামে গণমাধ্যম কর্মীদের উপর পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকালে নগরীর কাজীর দেউরী মোড়ে ২০ দলীয় জোটের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে এ ঘটনা ঘটে। একই সময় এটিএন নিউজের গাড়ি ভাংচুর করেছে জামায়াত-শিবির কর্মীরা। হামলার শিকার হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রিপোর্টার সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার ফটো সাংবাদিক রায়হান, চ্যানেল নাইনের ক্যামেরা জার্নালিস্ট নুর হাসিব ইফরাজ ও তামিম মাহমুদ।
সাব্বির ইরফান জানান,‘বিকালে ২০ দলীয় জোটের সমাবেশস্থলে দায়িত্ব পালন করছিলাম। হঠাৎ করে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হলে আমরা চারজন পাশের একটি দোকানে ঢুকে যায়। কিছুক্ষণ পর দোকানের সামনে পুলিশ আসলে আমরা বের হয়ে আসি। এসময় পুলিশের এক সদস্য আমাদের দিকে প্রথমে অস্ত্র তাক করে, পরে কলার ধরে ধাক্কা দিয়ে লাথি দেওয়া শুরু করে। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও সে ক্ষান্ত না হয়ে উল্টো বলতে থাকে, তোরা এখানে কি করছ? পুলিশ একা কেন মার খাবে? সাংবাদিক বাদ যাবে কেন? তোদেরকেও মার খেতে হবে।”
এটিএন নিউজের রিপোর্টার মাসুদুল হক জানান,‘পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হলে চালককে হেলমেট ও জ্যাকেট আনতে অফিসে পাঠায়। অফিস থেকে ফেরার পথে লাভলেইন এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা গাড়ির কাচ ভাংচুর করে চলে যায়।’




