নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া এলাকায় পানির ট্যাঙ্ক ধসে দুই জনের মৃত্যু হয়েছে। তারা হলেন ঝর্না বেগম(৫৫) ও আব্দুর রব (৬০)। এছাড়া শিখা (৭) নামের এক শিশু এ ঘটনায় মারাত্মক আহত হয়েছে। রোববার দুপুর সোয়া ১টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া এলাকার মোহাম্মদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। হতাহতরা সবাই মোহাম্মদ আলীর বাড়ির ভাড়াটিয়া। নিহত ঝর্না বেগমের ছেলে ওয়াসিম জানান, দুপুর সোয়া ১টার দিকে সিমেন্টের তৈরি বাড়ির পানির ট্যাঙ্কটি ধসে পড়ে। এ ঘটনায় তার মা ঝর্না বেগম, আবদুর রব ও শিখা গুরুতর আহত হলে তাদেরকে শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের চিকিৎসকরা তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আমিনুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসা তিনজনের মধ্যে ঝর্না বেগম মারা গেছেন। বাকি দুইজনের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আব্দুর রব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছার আগেই মারা যান বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম।



