প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জমান নূর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছাড়াও ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা।
মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী দ্বি-পাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন মালয়েশীয় কর্তৃপক্ষের সঙ্গে। পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার আলোচনা ছাড়াও থাকবে দ্বি-পাক্ষিক বৈঠক, চুক্তি-স্বাক্ষর। অংশ নেবেন বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যের সুযোগ সম্পর্কিত সংলাপে। পুত্রজায়ায় তার সম্মানে থাকবে মালয়েশীয় প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজ। সফরকালে কুয়ালালামপুরে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।
স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টায় ( বাংলাদেশ সময় বেলা ২টা) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে তাকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন মালয়েশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী হামজাহজইনুদ্দিন, মানবসম্পদ বিষয়ক উপ-মন্ত্রী হাজি ইসমাইল হাজি আবদুল মুত্তালিব ও মালয়েশিয়ায় বাংলাদেশের হাই কমিশনার একেএম আতিকুর রহমান।
বিমানবন্দরে গার্ড অব অনার শেষে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রায় নিয়ে যাওয়া হবে কুয়ালালামপুরের হোটেল গ্র্যান্ড হায়াতে। সফরের সময়ে এখানেই অবস্থান করবেন তিনি। রাতেই কুয়ালালামপুরে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করবেন। জানবেন সেখানকার বাংলাদেশি শ্রমিক, পেশাজীবীদের কথা।
বুধবার (৩ ডিসেম্বর) সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হবে বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সুবিধা বিষয়ক সংলাপে অংশগ্রহণের মধ্য দিয়ে। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এই সংলাপে অংশ নিয়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হোটেল গ্র্যান্ড হায়াতের বলরুমে অনুষ্ঠেয় এই সংলাপে উদ্বোধনী বক্তব্য রাখবেন মালয় সাউথ-সাউথ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আজমান হাশিম। এছাড়া মালয়েশিয়ার ব্যবসায়ী প্রতিনিধিরা এতে অংশ নিয়ে মতবিনিময় করবেন। সমাপনী বক্তব্য রাখবেন বাংলাদেশের হাই কমিশনার আতিকুর রহমান।
সংলাপ পরবর্তী মধ্যাহ্ন ভোজে অংশ নেওয়ার পর দুপুর আড়াইটার দিকে পুত্রজায়ার উদ্দেশে যাত্রা শুরু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা তিনটা নাগাদ সেখানে পারদানা স্কয়ারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছার কথা রয়েছে তার। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন সরকারি অনুষ্ঠানাদি আয়োজনের প্রধান ওসমান মাহমুদ। স্যালুটিং ডায়াসে শুভেচ্ছা বিনিময় হবে দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ নাজিবতুন আবদুল রাজাকের সঙ্গে।




