মন্ত্রিপরিষদ সচিব জানান, ভাষণের খসড়া চূড়ান্ত করতে নতুন বছরের জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয় থেকে তথ্য নেওয়া হবে। রাষ্ট্রপতির ভাষণে দেশের সার্বিক পরিস্থিতি, সামষ্টিক অর্থনীতি, আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ ও সাফল্য, রূপকল্প বাস্তবায়নে রূপরেখা, ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নকল্পে বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন, দেশি-বিদেশি কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির প্রসার, বৈদেশিক সম্পর্কোন্নয়নে সাফল্য, প্রশাসনিক নীতি, কৌশল ও অগ্রযাত্রার দিক নির্দেশনা থাকবে। ভাষণে যুদ্ধাপরাধীদের বিচারের অগ্রগতি তুলে ধরা হবে বলে জানান তিনি। মন্ত্রিপরিষদ সচিব জানান, ভাষণের একটি ইংরেজি ভার্সন তৈরি করা হবে।
শোক প্রস্তাব
বিশিষ্ট চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী ও সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব বলেন, কাইয়ুম চৌধুরী একুশে ও স্বাধীনতা পদক পেয়েছেন। শিল্পী কাইয়ুম চৌধুরী ৩০ নভেম্বর একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। এর আগে রাজধানীর কারওয়ানবাজারে ২৯ নভেম্বর রাতে সড়ক দুর্ঘটনায় মারা যান বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সাংবাদিক জগলুল আহমেদ।




