রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়কাইয়ুম চৌধুরীর নামাজে জানাজা সম্পন্ন

কাইয়ুম চৌধুরীর নামাজে জানাজা সম্পন্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। ১ ডিসেম্বর বাদ যোহর সর্বস্তরের জনতার অংশগ্রহণে এ জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে তার মরদেহ আজিমপুর কবরস্থানের উদ্দেশে নিয়ে যাওয়ার কথা রয়েছে। সেখানে কাইয়ুম চৌধুরীকে দাফন করা হবে। জানাজায় অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রমুখ। এর আগে, দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের পর দেড়টার দিকে তার মরদেহ ঢাবির কেন্দ্রীয় মসজিদে নিয়ে আসা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে অফুরান ভালোবাসা ও ফুলেল শ্রদ্ধায় বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীকে শেষ বিদায় জানায় সর্বস্তরের জনতা।

দুপুরে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারের অস্থায়ী মঞ্চে রাখা হলে ঢল নামে ফুলেল শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের।  শিল্পীকে শেষ বারের মতো দেখে তার মরদেহে বিনম্র শ্রদ্ধা জানায় শোকাহত-অশ্রুসিক্ত জনতা। বরেণ্য এ শিল্পীর মরদেহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষেও শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব মেজর জেনারেল আবুল হোসেন, আর প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব মেজর জেনারেল জয়নাল আবেদীন।

এছাড়া, তার মরদেহে একে একে শ্রদ্ধা জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একান্ত সচিব শহীদ উল্লাহ ভূইয়া, গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহ উদ্দিন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, সাংবাদিক আবু সাঈদ খান, গণমাধ্যম ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, উদীচীর সভাপতি ও সাংবাদিক কামাল লোহানী, কথাসাহিত্যিক আনিসুল হক, মুক্তিযোদ্ধা জাদুঘরের ট্রাস্টি গোলাম সারওয়ার, আওয়ামী লীগের পক্ষে যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, বিএনপির পক্ষে যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষ থেকে অধ্যাপক মুনতাসীর মামুন, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল, নাট্য ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, রুখে দাঁড়াও বাংলাদেশের অধ্যাপক সুলতানা কামাল, গীতিকার শহীদুল্লাহ ফরায়েজী, নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ, মহিলা পরিষদের আয়শা খানম, মানবাধিকার নেত্রী মালেকা বেগম,  ছড়াকার আখতার হুসেন, বিটিভির মহাপরিচালক আবদুল মান্নান, শিল্পী কালিদাস কর্মদাস প্রমুখ।

শ্রদ্ধা জানায় আবৃত্তি সংগঠন কণ্ঠশীলন (এ সংগঠনের সভাপতি ছিলেন কাইয়ুম চৌধুরী), স্বাধীনতা শিক্ষক পরিবার, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র, ধরিত্রী বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় জাদুঘর, সম্মিলিত সামাজিক আন্দোলন, সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি, ছাত্র ইউনিয়ন, বাংলাদেশের পুস্তক প্রকাশক সমিতি, নাট্যদল আরণ্যক, আবৃত্তি পরিষদ, গণস্বাস্থ্য কেন্দ্র, সভাপতি বদিউজ্জামান সোহাগের নেতৃত্বে ছাত্রলীগ প্রভৃতি সংগঠনও।

বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরীর মরদেহে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের এ আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। তারও আগে সকালে কাইয়ুম চৌধুরীর মরদেহ তার দীর্ঘদিনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। ১১টা ৫ মিনিটে চারুকলার গ্রাফিক্স ডিজাইন বিভাগে তার মরদেহ নেওয়া হলে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চারুকলার বর্তমান ডিন নেসার হোসেন, কালি ও কলমের সম্পাদক আবুল হাসনাত, শিল্পী রফিকুন নবী, নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, অধ্যাপক সমরজিৎ রায়, অধ্যাপক ইউনুস, চারুকলার সাবেক ডিন শিল্পী আবুল বারাক আলভী, নাট্য ব্যক্তিত্ব তৌকির আহমেদ, বিপাশা হায়াত প্রমুখ। এছাড়া, চারুকলার বর্তমান ও সাবেক শিক্ষার্থীরাও প্রিয় শিক্ষক ও শিল্পীর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগও। প্রায় আধা ঘণ্টা প্রিয় কর্মস্থলে রাখার পর ১১টা ৩৫ মিনিটে কাইয়ুম চৌধুরীর মরদেহ শহীদ মিনারের উদ্দেশে নিয়ে আসা হয়। ১১টা ৪৫ মিনিটে মরদেহ শহীদ মিনারে পৌঁছায়। এখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর দুপুর সোয়া ১টার দিকে তার মরদেহ ঢাবির কেন্দ্রীয় মসজিদের উদ্দেশে নিয়ে আসা হয়।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ