রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদরাজনীতিএ সরকারের কাছে সাংবাদিক, বুদ্ধিজীবী, সাধারণ মানুষ কেউ নিরাপদ নয় : হান্নান...

এ সরকারের কাছে সাংবাদিক, বুদ্ধিজীবী, সাধারণ মানুষ কেউ নিরাপদ নয় : হান্নান শাহ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, বর্তমান সরকার কালা-কানুন করে বাকশাল কায়েমের চেষ্টা করছে। শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে এক নাগরিক মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘আমার দেশ প্রেস খুলে দাও, মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি দাও’- স্লোগানে স্বাধীনতা প্রজন্ম, বাংলাদেশ এ মানববন্ধনের আয়োজন করে।

হান্নান শাহ বলেন, এ সরকারের কাছে কেউ নিরাপদ নয়। সাংবাদিক, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষ আজ নিরাপদে বসবাস করতে পারছে না। ঘরে থাকলে গুম আর বাইরে থাকলে খুন- এ সরকারের এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।

শুধুমাত্র রোষানলের শিকার হয়ে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে সরকার বন্দি করেছে- এ অভিযোগ করে হান্নান শাহ বলেন, তার অপরাধ তিনি সত্য কথা সত্যভাবেই উপস্থাপন করেছেন। তিনি কারাগারে গিয়েও এ সরকারের সঙ্গে কোনো অবস্থায় আপোস করেননি। বরং তিনি গণতন্ত্রের জন্য একজন আপোসহীন সংগ্রামী মানুষ হিসেবে আমাদের সকলের কাছে উপমা হয়ে আছেন। যে মানুষটি বছরের পর বছর অন্যায়ভাবে কারাভোগ করছেন, কিন্তু জামিনের জন্য আবেদন পর্যন্ত করছেন না সেই সরকার কতটা ফ্যাঁসিবাদী তা আপনারা উপলব্ধি করতে পারেন। মাহমুদুর রহমানের মুক্তি তখনই হবে, যখন আমরা এই দুঃশাসনের সরকারকে পতন ঘটাতে পারবো বলেও মন্তব্য করেন তিনি।

সংগঠনের প্রধান সমন্বয়কারী এস এম সায়মন কামালীর সভাপতিত্বে মানববন্ধনে বিশেষ অতিথি ছিলেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাড. রফিক শিকদার, শাম্মী আকতার, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, সিলেট মাহমুদুর রহমান মুক্তি আন্দোলনের আহবায়য়ক কর্ণেল (অব.) সৈয়দ আলী আহমেদ, আমার দেশ পত্রিকার রিপোর্টার মাহমুদা ডলি, জাসাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন, বন্ধু দলের সভাপতি শরীফ মোস্তফা জামান লিটু, কর্মজীবী দলের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদার, ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন, ডেমোক্রেটিক ইয়ুথ ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ অলিউর রহমান, ছাত্রনেতা মনিরুজ্জামান মনির, সায়মন কবির শাওন, আশরাফ রহমান অপু, আল আমিন শেখ, তানজিলা আরিফিন এলিনা, শহীদুল ইসলাম শহীদ প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ