ঢাকায় যাত্রা শুরু করতে যাচ্ছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাত দেশের জোট বিমসটেক’র স্থায়ী সচিবালয়। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ উপলক্ষে শনিবার রাজধানীর গুলশানে একটি কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বিমসটেক’র সচিবালয়ের মাধ্যমে প্রথম কোনো আন্তর্জাতিক সংস্থার পূর্ণাঙ্গ দফতর পেতে যাচ্ছে বাংলাদেশ। অনুষ্ঠান উপলক্ষে সদস্য দেশগুলোর কর্মকর্তাদের ইতোমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া আমন্ত্রণ দেয়া হচ্ছে, বিভিন্ন দেশ ও সংস্থার বাংলাদেশের দূতাবাস প্রধানদেরকেও।
১৯৯৭ সালের ৬ জুন ব্যাংককে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সিদ্ধান্ত অনুয়ায়ী বে-অফ বেঙ্গল ইকোনমিক কো-অপারেশন অর্গানাইজেশন-বিমসটেক গঠিত হয়। পরবর্তী সময়ে জোটভুক্ত করা হয় মিয়ানমার, ভুটান ও নেপালকে।
জানা যায়, এ সংস্থা মোট ছয়টি ইস্যুকে প্রাধান্য দিয়ে তার কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে বাংলাদেশের নেতৃত্ব রয়েছে বাণিজ্য-বিনিয়োগ, ভারতের পরিবহন, যোগাযোগ ও পর্যটন খাত, জ্বালানি খাতে মিয়ানমার, প্রযুক্তি খাতে শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড মৎস্য খাতের উন্নয়ন ও সহযোগিতায় মূল ভূমিকা পালন করছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে এর কার্যক্রম চললেও, গত জুন মাস থেকে ঢাকায় সংস্থাটির দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে।




