সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়বুধবার থেকে শুরু হচ্ছে হজ পালনকারীদের ফ্লাইট

বুধবার থেকে শুরু হচ্ছে হজ পালনকারীদের ফ্লাইট

বুধবার থেকে শুরু হচ্ছে ২০১৪ সালের হজ পালনকারীদের প্রথম ফ্লাইট। এ বছর বাংলাদেশ থেকে প্রায় এক লাখ মানুষের হজ পালনের কথা রয়েছে। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে সরকারি ব্যবস্থাপনায় যারা হজ পালন করতে যাচ্ছেন তাদের ভিসাসহ সব কার্যক্রম। সোমবার দুপুরে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল (হজ) মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সরকারি ব্যবস্থাপনায় হজব্রত পালন করতে ইচ্ছুকদের ভিসা ইতোমধ্যে হয়ে গেছে। বেসরকারি ব্যবস্থাপনায় হজে আসতে আগ্রহীদের ভিসা প্রক্রিয়াকরণও শুরু হয়েছে। আসাদুজ্জামান আরও বলেন, এ বছর বাংলাদেশি হাজিদের জেদ্দা, মক্কা ও মদীনায় সহযোগিতা করার জন্য প্রশাসনিক, আইটি ও একটি মেডিকেল টিম মঙ্গলবার জেদ্দায় পৌঁছাবেন।

মেডিকেল টিমে রয়েছেন ১৮০জন, প্রশাসনিক টিমে ৩৫জন এবং আইটি টিমে রয়েছেন ২০জন সদস্য। তারা মঙ্গলবার থেকে হজের সব আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত জেদ্দা, মক্কা, মদীনা, মিনা ও তায়েফে অবস্থান করবেন বলে জানান এই হজ কর্মকর্তা।

অপর একটি স‍ূত্র  জানান, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহা. শহীদুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেদ্দা বিমান বন্দরে হজ পালন করতে আসা বাংলাদেশিদের স্বাগত জানাবেন। এসময় সৌদি সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলও সেখানে উপস্থিত থেকে বাংলাদেশি হাজিদের স্বাগত জানানোর কথা রয়েছে।

এদিকে হজ পালন করতে আসা ধর্মপ্রাণ মুসলমানদের যাতে জেদ্দা বিমান বন্দরে এসে বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে না হয় সেজন্য আগে থেকে সব এজেন্সিকে তাদের যাত্রীদের জন্য বাসের টিকিট সরবরাহ করা হয়েছে। একই সঙ্গে হজ মিশন থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে স্টিকার জাতীয় টিকিটগুলো যাত্রীদের পাসপোর্টে সংযুক্ত করে দেওয়ার। সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ অক্টোবর পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

জানা যায়, ১৬০৫ জন সরকারি ও ৯৭ হাজার ২২৫ জন বাংলাদেশি বেসরকারি ব্যবস্থাপনায় চলতি মৌসুমে হজ পালন করবেন। হজ পালন করতে সৌদি আরবে এসে নানান ধরনের সমস্যার সম্মুখীন হন বাংলাদেশি হাজিরা।

আরও পড়ুন

সর্বশেষ