রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েকর্মস্থলে অনুপস্থিত : ডা. জোবাইদার বিষয়ে সিদ্ধান্ত হয়নি

কর্মস্থলে অনুপস্থিত : ডা. জোবাইদার বিষয়ে সিদ্ধান্ত হয়নি

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের চাকরিচ্যুতির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়। চাকরিবিধি ভঙ্গ করে অতিরিক্ত সময় কাজে অনুপস্থিত থাকার জন্য এরকম ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে ফাইল তৈরি হয়েছিল। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, সরকারের ওপর মহলের সবুজ সঙ্কেত না পাওয়ায় প্রক্রিয়াটি থেমে আছে।
গত সপ্তাহে স্বাস্থ্য অধিদফতর থেকে এ সংক্রান্ত ফাইল স্বাস্থ্য সচিব বরাবর পাঠানো হয়। তাতে ‘চাকরিচ্যুত করা যায়’ মন্তব্য সংযোজন করে উল্লেখ ছিল, সরকারি চাকরিবিধির ৩৪ ধারা অনুযায়ী পাঁচ বছরের বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত থাকলে তার চাকরির অবসান হয়। ডা. জোবাইদা অনুপস্থিত আছেন ৫ বছর ১০ মাসের বেশি সময়।  জানতে চাইলে স্বাস্থ্য সচিব এম এম নিয়াজউদ্দিন  বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।’ তিনি মিডিয়াকে গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন।দেশের ভেতরে গ্রামাঞ্চলে পদায়ন পাওয়া অনেক ডাক্তার কর্মস্থলে অনুপস্থিত থাকেন। সরকার সম্প্রতি তাদের ব্যাপারে কঠোর মনোভাব নিয়েছে। বিদেশে উচ্চশিক্ষায় বা লিয়েনে গিয়েও যারা দীর্ঘ সময় ফেরেন না তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। এই পটভূমিতেই ডা. জোবাইদার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল।
স্বাস্থ্য অধিদফতর সূত্র জানিয়েছে, ২০০৮ সালে ডা. জোবাইদা রহমান টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা কর্মকর্তা (মেডিক্যাল অফিসার) হিসেবে কাজে যোগ দিয়ে একদিনও দায়িত্ব পালন ছাড়া পরদিন থেকে ছুটি ভোগ শুরু করেন। ওই বছরই অনুমতি নিয়ে তিনি ঢাকার জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে কার্ডিওলজিতে এমডি কোর্সে ভর্তি হন কিন্তু কোর্স সম্পন্ন করেননি। সে বছরের ৩ নভেম্বর বহিঃবাংলাদেশ ছুটি নিয়ে অসুস্থ স্বামী তারেক রহমানের সুচিকিত্সার জন্য যুক্তরাজ্যে যান। কয়েকবার ছুটি বর্ধিত করেন। অধিদফতরের তথ্যানুসারে, ২০১১ সালের ১১ অক্টোবর পর্যন্ত ছুটি মঞ্জুর ছিল তার। সর্বশেষ ২০১২ সালের ১৭ জানুয়ারি এক বছরের জন্য ছুটির মেয়াদ বাড়ানোর আবেদন করলে মন্ত্রণালয় তা নামঞ্জুর করে। কিন্তু তিনি আর দেশে আসেননি।
বিএনপি সমর্থিত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মহাসচিব অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, বিষয়টি রাজনৈতিক বিবেচনায় না দেখে একজন সাধারণ মানুষ হিসেবে দেখা উচিত। ১৭ বছর বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার পরও চাকরিতে যোগ দেওয়ার রেকর্ড স্বাস্থ্য সেক্টরে রয়েছে। সরকার চাইলে কাউকে বিশেষ ছুটি দিতে পারে। সরকারি চাকরিবিধিতে অসাধারণ ছুটির (এক্সট্রাঅর্ডিনারি লিভ) সুযোগ রাখা হয়েছে। তিনি বলেন, ‘তারপরও যদি সরকার বিষয়টি বিবেচনায় না নেয়, তা হলে সময় এলে এর সুবিচার করা হবে।’  ২০০৭ সালের ৭ মার্চ দুর্নীতির মামলায় গ্রেফতার হয়ে আদালতের আদেশে ২০১১ সালের ১১ সেপ্টেম্বর থেকে তারেক রহমান লন্ডনে রয়েছেন।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ