নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি ওষুধের দোকানে সোমবার ভোরে বিস্ফোরণের ঘটনায় শিশুসহ চারজন অগ্নিদগ্ধ হয়েছে। বিস্ফোরণে দোকানের পাশের একটি বাড়িতে আগুন ধরে যায়। অগ্নিদগ্ধ ব্যক্তিরা হলেন ওই বাড়ির বাসিন্দা সেলিনা বেগম (৪০), তাঁর মেয়ে পপি (১৭), অনিক (১২) ও নিরাপত্তাকর্মী আবদুল করিম (৫০)। তাঁদের মধ্যে আবদুল করিম ছাড়া বাকি তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, ভোরে সদর উপজেলার ফতুল্লার পূর্ব সেহাচর লাল খাঁ বাজার এলাকার ওষুধের দোকানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। দোকানটি স্থানীয় আনোয়ার হোসেনের মালিকানাধীন। বিস্ফোরণে দোকানের সামনের অংশের দেয়াল শাটারসহ ধসে পড়ে এবং পাশের বাড়িতে আগুন ধরে যায়। এসআই রফিকুল ইসলাম জানান, আগুনে ওই বাড়ির নিরাপত্তাকর্মীসহ চারজন পুড়ে যান। তাঁদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সেলিনা, পপি ও অনিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপত্তাকর্মী করিমকে চিকিত্সা দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে।




