রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতির বাড়ির কাছে ককটেল বিস্ফোরণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতির বাড়ির কাছে ককটেল বিস্ফোরণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নোয়াখালীর গ্রামের বাড়ির কাছে ককটেল বিস্ফোরণ হয়।  মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে এক শিশু আহত হয়েছে। আহত শিশুটির নাম ফারজানা আক্তার (১১)। তাকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার বাবা বেলাল হোসেন পেশায় রিকশাচালক।

খবর পেয়ে আজ দুপুরে নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরিফ ঘটনাস্থল পরিদর্শন করেন। মুঠোফোনে তিনি বলেন, ‘এর আগে বিচারপতির বাড়িতে হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা। ওই সময় দুর্বৃত্তদের ছোড়া অবিস্ফোরিত এই ককটেলটি এত দিন হয়তো পরিত্যক্ত অবস্থায় ঝোপের মধ্যে পড়েছিল।’

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, আজ সকালে রান্নার লাকড়ি সংগ্রহ করছিল ফারজানা। একপর্যায়ে বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বাড়ির প্রায় ১০০ গজ দূরে ঝোপের মধ্যে লাল টেপ মোড়ানো একটি কৌটা দেখে শিশুটি। পরে তা সংগ্রহ করে পার্শ্ববর্তী রাস্তায় এনে দা দিয়ে কাটার চেষ্টা করে ফারজানা। এ সময় কৌটাটি বিস্ফোরিত হয়। এতে শিশুটির বাঁ হাতের তালু ও একটি আঙুলে আঘাত লাগে।

ঘটনার পরপরই বিচারপতির বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও আশপাশের লোকজন গিয়ে শিশুটিকে উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওসি জানান, বিচারপতির বাড়ির কাছে ককটেল বিস্ফোরণে শিশু আহত হওয়ার খবর শুনে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে তিনি হাসপাতালে গিয়ে আহত শিশুটির সঙ্গেও কথা বলেছেন। গত বছর মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হয়। এরপর গভীর রাতে বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বাড়িতে পেট্রলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা।

আরও পড়ুন

সর্বশেষ