ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলাল হোসেন পাটোয়ারী নামের আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বেলাল ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আনন্দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। এ ঘটনায় এ পর্যন্ত বেলালসহ ২২ জনকে গ্রেপ্তার করা হলো।
ফেনীর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) মো. সামছুল আলম সরকার ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চেয়ারম্যান একরাম হত্যাকাণ্ডের পর থেকে বেলাল পলাতক ছিলেন। এলাকাবাসীর ভাষ্য, চেয়ারম্যান একরামের হাত ধরেই বেলাল হোসেন পাটোয়ারী ইউপি সদস্য নির্বাচিত হন এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদটিও পেয়েছেন। কিছুদিন আগেও বেলাল মেম্বার ছিলেন চেয়ারম্যান একরামের অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন।
এই হত্যাকাণ্ডে বেলাল মেম্বার জড়িত থাকার অভিযোগ ওঠার পর এলাকাবাসী ও একরামের সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে ২৭ মে আনন্দপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে তাঁর বাড়ি পুড়িয়ে দেন। ২০ মে চেয়ারম্যান একরাম ফেনী থেকে ফুলগাজী যাওয়ার পথে শহরের একাডেমি রোডের বিলাসী সিনেমা হলের সামনের রাস্তায় তাঁকে গুলি করে, কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়।




