রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রাম বন্দর থেকে কোটি টাকার কাপড় উধাও

চট্টগ্রাম বন্দর থেকে কোটি টাকার কাপড় উধাও

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

বন্দরের নিরাপত্তা হেফাজত থেকে কন্টেইনার উধাও হয়ে যাওয়ার পর এবার প্রায় এক কোটি টাকার আমদানি কাপড় চুরির ঘটনা ঘটেছে। সোমবার দুপুর থেকে সন্ধ্যা সাতটার মধ্যে বন্দরের জেআর ইয়ার্ডে এ ঘটনা ঘটে। পণ্য চুরির ঘটনায় মঙ্গলবার বিকেলে নগরীর বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পণ্য চালানটির আমদানিকারক ওনারস গ্রুপের ম্যানেজার (সিএন্ডএফ ডিভিশন) মো. মাসুদুর রহমান বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহিদুল ইসলাম  বলেন, বন্দরের জেআর ইয়ার্ড থেকে পণ্য চুরির অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে বন্দরের সহকারী ট্রাফিক ম্যানেজার খুদরত-ই-খোদাকে প্রধান করে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের পরিচালক (পরিবহন) গোলাম সরওয়ার  বলেন, বন্দরের জেআর ইয়ার্ড থেকে চীন থেকে আমাদানি করা ফ্রেব্রিক্স চুরির ঘটনায় দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি বিষয়টি তদন্ত করে তিনদিনের মধ্যে প্রতিবেদন পেশ করবে।

জানা গেছে, বিজিএমইএ‘র সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের মালিকানাধীন ওনারস গ্রুপের একটি পোশাক কারখানার জন্য চীন থেকে এক কোটি টাকার ফেব্রিক্স আমদানি করা হয়। আমদানি পণ্য খালাসের জন্য সোমবার দুপুরে কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে কায়িক পরীক্ষা করা হয়। এরপর রাত ৮টার দিকে পণ্য খালাস নিতে গেলে দেখা যায় কন্টেইনার থেকে অধিকাংশ ফেব্রিক্স চুরি হয়ে গেছে।

মামলার বাদি মো. মাসুদুর রহমান  বলেন, চীন থেকে আমদানি করা পণ্যের চালানটি খালাসের জন্য সোমবার বেলা সাড়ে ১২টায় কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে কায়িক পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্ট রাত ৮টায় পণ্য খালাস নিতে গেলে দেখেন কন্টেইনাটি খেলা। সেখান থেকে প্রায় ৯০ শতাংশ ফ্রেব্রিক্স চুরি হয়ে গেছে।

এদিকে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা হেফাজত থেকে বারবার পণ্য চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা হেফাজত থেকেই যদি পণ্য চুরি হয়, তাহলে আর কোথায় নিরাপদ থাকবে। বার বার চুরির ঘটনা ঘটলেও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ার কারণেই এ ধরণের ঘটনা বন্ধ হচ্ছে না বলে মনে করছেন তারা।

আরও পড়ুন

সর্বশেষ