একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর ছেলে মোহম্মদ বিন কাসেম ওরফে সালমানসহ চার জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালত।
বুধবার ঢাকার সিএমএম আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হারুন অর রশীদ এ পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আগামী ৬ সেপ্টেম্বর সংশ্লিষ্ট থানা পুলিশকে গ্রেপ্তারি পরোয়ানা জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। মীর কাসেমের ছেলে সালমান ছাড়া অন্য তিন আসামি হলেন- সরোয়ার জাহান, আয়শা সুলতানা ও এহতেশাম ফেরদৌস। এহতেশাম ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক।
গত বছর ১১ নভেম্বর জনৈক আশরাফুল হক আদালতে এ আসামির বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় মোহাম্মদ বিন কাসেম ওরফে সালমান গত বছর ২৩ ডিসেম্বর হাইকোর্ট থেকে জামিন পেলেও এরপর তিনি আর নিম্ন আদালতে উপস্থিত হননি। তাই বাদীর আবেদনক্রমে পরোয়ানা জারি করেন আদালত।
মামলার অভিযোগ বলা হয়, আসামিরা বাদীকে ইডেন লাইন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের শেয়ার কেনার ও পরিচালক করার প্রস্তাব দেন। সেই প্রস্তাব অনুযায়ী ১ কোটি ৫০ লাখ টাকার শেয়ার কেনেন। কিন্তু তাকে পরিচালক করা হয়নি।




