ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
ইমরান এইচ সরকারকে আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ অনলাইন ব্লগার অ্যান্ড অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের (বোয়ান) এক দল সংবাদ সম্মেলন করেছে। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয়।
সংবাদ সম্মেলনে ছিলেন বোয়ানের সদস্য ব্লগার অনিমেষ রহমান, চার্বাক, বাঙ্গাল, কানিজ আকলিমা সুলতানা ও সুপ্রীতি ধর। গণজাগরণ মঞ্চের মুখপাত্রের দায়িত্ব থেকে ইমরানকে অব্যাহতি দিয়ে মঞ্চের এক পক্ষের সংবাদ সম্মেলনের কয়েক দিনের মধ্যে ব্লগাররা সংবাদ সম্মেলনে এলেন। এদিকে বোয়ান ব্যানারে এই সংবাদ সম্মেলনের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন ডেকেছেন ইমরানও।
বোয়ানের ফেসবুক পাতায় অনিমেষদের এই সংবাদ সম্মেলনের বিষয়ে বলা হয়েছে, ‘এই ধরনের কোনো সংবাদ সম্মেলন বোয়ান আহ্বান করেনি। নতুন কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবেই কোনো কুচক্রীমহল এ ধরনের সংবাদ সম্মেলন ডেকে বোয়ানকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করে থাকতে পারে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’




