রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......সেবা ও সাহসিকতার বিপিএম-পিপিএম পুরস্কার পাচ্ছেন ১০৫ পুলিশ

সেবা ও সাহসিকতার বিপিএম-পিপিএম পুরস্কার পাচ্ছেন ১০৫ পুলিশ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

সেবা ও সাহসিকতার পুরস্কার বিপিএম ও পিপিএম পাচ্ছেন পুলিশের ১০৫ সদস্য। এদের মধ্যে রয়েছেন কনস্টেবল থেকে কর্মকর্তারা পর্যন্ত। পুলিশ সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত এক অনুষ্ঠানে মনোনীত এই ১০৫ জনের মাঝে পদক বিতরণ করা হবে। বাংলাদেশ পুলিশ মেডেল(বিপিএম) এবং প্রধানমন্ত্রী পুলিশ মেডেল (পিপিএম) পুলিশের সর্বোচ্চ পদক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীতদের পদক দেবেন। মরণোত্তর পদক গ্রহণ করবেন তাদের আত্মীয় স্বজন। এরইমধ্যে পদকের জন্য মনোনীতদের চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সদর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টার থেকে এই তথ্য জানা গেছে। পিপিএম পদকের জন্য মনোনিত হয়েছেন এমন কয়েকজন পুলিশ কর্মকর্তারাও এই  তথ্য নিশ্চিত করেছেন।

পদক প্রাপ্তদের মধ্যে রয়েছেন, গত বছরে রাজনৈতিক সহিংসতা ও বিভিন্ন সময় দুষ্কৃতিদের হাতে যারা নিহত হয়েছেন তাদের সবাই।

এরা হলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের এসআই ৫ মে হেফাজতের কর্মীদের হাতে নিহত শাহজাহান, ডিএমপির গোয়েন্দা বিভাগের এস আই ডাকাতের গুলিতে নিহত শরিফুল ইসলাম, গোপলাগঞ্জ জেলার নায়েক ফিরোজ খান, বাংলামোটরে দুষ্কৃতিকারীদের ছোঁড়া পেট্রোল বোমায় নিহত ট্রাফিক দক্ষিণ বিভাগের কনস্টেবল ফেরদৌস খলিল, গোপলগঞ্জের কনস্টেবল জাকারিয়া, রাজশাহীতে পুলিশভ্যানে ছোঁড়া বোমায় নিহত সিদ্ধার্থ চন্দ্র সরকার, চট্রগ্রাম জেলা পুলিশের কনেস্টবল আবু তারেক। যশোরের মনিরাম থানার কনেস্টবল কাজি জহুরুল হক, ঝিনাইদহের হরিণাকুন্ডু থানার কনেস্টবল ওমর ফারুক, রংপুর পীরগাছা থানার কনস্টেবল মোজাহার আলী, গাইবান্ধার বামনডাঙ্গা তদন্ত কেন্দ্রের কনস্টেবল বাবলু মিয়া, তোজাম্মেল হোসেন, হযরত আলী, সৈয়দপুর জেলার বোনারপাড়া রেলওয়ে পুলিশের কনস্টেবল খাজা নাজিম উদ্দীন।

এছাড়াও উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে রয়েছেন র‌্যাবের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি মোখেলেছুর রহমান, ডিএমপি কমিশনার ও অতিরিক্ত আইজিপি বেনজির আহমেদ, ঢাকা হাইওয়ে রেঞ্জের ডিআইজি আসাদুজ্জামান মিয়া, ডিএমপির অতিরিক্ত কমিশনার (লজিষ্টিক ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) আব্দুল জলিল মন্ডল, র‌্যাবের এডিজি ও কর্নেল জিয়াউল আহসান, এডিশনাল আইজি মাহবুব হোসেন, র‌্যাব-৩ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম, ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান।

এদিকে পদক মনোনীতদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের দু’জন ওসিও রয়েছেন। এরা হলেন শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম ও হাজারীবাগ থানার ওসি কাজি মাইনুল হোসেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারের সহকারী পুলিশ কমিশনার আবু ইউসুফ বলেন, সেবা ও সাহসিকতায় বাংলাদেশ পুলিশের বিপিএম ও পিপিএম পুরস্কার প্রতি বছর দেওয়া হয়। এ বছর ৬ মার্চ বৃহস্পতিবার বিশেষ আয়োজনের মাধ্যমে এই পদক বিতরণ করা হবে। পদক বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আইজিপি হাসান মাহমুদ খন্দকারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন

সর্বশেষ