বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পূর্বনির্ধারিত বাকি পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে আবার শুরু হবে। পূর্ব নির্ধারিত পরীক্ষা শেষে স্থগিত এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সাংবাদিকদের এ কথা জানিয়েছে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। পরীক্ষার্থীরা নিয়মিত রুটিন অনুযায়ী বাকি পরীক্ষাগুলোতে অংশ নেবেন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানিয়েছে, নতুন সময়সূচি তৈরি করা হয়েছে। সেটি শিগগিরই প্রকাশ করা হবে। ২৭ জুলাই ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা নেওয়া হতে পারে।
এদিকে বৈরী আবহাওয়ার মধ্যে গত ১৩ জুলাই দেশের বাকি আটটি শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান,হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষা নেওয়া হয়।
বিজ্ঞাপন
অনেকেই এ পরীক্ষায় অংশ নিতে পারেননি। তাদের পুনরায় পরীক্ষা নেওয়া হবে। যারা পরীক্ষা দিতে চান, তাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া পরে জানানো হবে। এ তিনটি বিষয়ের পরীক্ষা চট্টগ্রাম বোর্ডের জন্য তৈরি করা সূচি অনুযায়ী নেওয়া হবে।
উল্লেখ্য, গত ৮ জুলাই সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতির কারণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছিল। পরে পরিস্থিতির অবনতি হওয়ায় ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের পাঁচ জেলায় অনির্দিষ্টকালের জন্য সব পরীক্ষা স্থগিত করা হয়।
সেসময় চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছিল, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং ক্ষতিগ্রস্ত সড়কপথের কারণে পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের চরম দুর্ভোগ বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবশিষ্ট বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে না। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরে জানানোর কথাও বলেছিল শিক্ষা বোর্ড।
পরবর্তীতে বন্যা পরিস্থিতির উন্নতি, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার জেলা প্রশাসকদের প্রতিবেদন এবং পরীক্ষা নিয়ন্ত্রকের আবেদনের ভিত্তিতে আগামী ২৭ জুলাই থেকে অবশিষ্ট পরীক্ষাগুলো যথারীতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




