সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন তো গুঞ্জনই। হলে তো আমরাও জানবো। সরকারের পক্ষ থেকে তো কিছু বলা হচ্ছে না। তিনি বলেন, স্বাস্থ্যগত সমস্যার কারণে রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান, সেটির সাংবিধানিক বিধান রয়েছে। এক্ষেত্রে তিনি স্পিকারের কাছে পদত্যাগ করবেন। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলার নেই।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে কিছু বলা হচ্ছে না। তিনি (রাষ্ট্রপতি) স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে চেয়েছেন কিনা, সেটি তাকেই জিজ্ঞেস করতে হবে।
বিদেশে চিকিৎসা নেওয়ার সময় শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির কোনো ফোনালাপ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না।
রাষ্ট্রপতির পদত্যাগের সাংবিধানিক প্রক্রিয়া নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে নিয়ম অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। এরপর পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়ায় বিষয়টি নিষ্পত্তি হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সাংবিধানিকভাবে অপশন আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। আমিও পত্রিকায় এসব খবর দেখছি। তিনি যদি পদত্যাগ করতে চান, তাহলে স্পিকারের কাছে পদত্যাগপত্র দেয়ার নিয়ম আছে। এরপর রাষ্ট্রপতি কে হবেন, সেটি পরে দেখা যাবে।
এসময় কক্সবাজার নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কক্সবাজারের উন্নয়নে মাস্টার প্ল্যান করে একটি পর্যটন ও কমার্শিয়াল হাব করার পরিকল্পনা নেয়া হয়েছে।




