মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রচ্ছদসারা বিশ্বযুক্তরাষ্ট্রে পরিবারের ৬ সদস্যকে গুলি করে হত্যা, ‘আত্মহত্যা’ বন্দুকধারীর

যুক্তরাষ্ট্রে পরিবারের ৬ সদস্যকে গুলি করে হত্যা, ‘আত্মহত্যা’ বন্দুকধারীর

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মাসকাটিন শহরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তি নিজের পরিবারের ছয় সদস্যকে গুলি করে হত্যা করার পর ‘আত্মহত্যা’ করেছেন। মর্মান্তিক এ ঘটনায় পুরো এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে একটি বাড়ি থেকে গুলির শব্দ শোনার পর জরুরি নম্বরে ফোন আসে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেন। তবে এর আগেই সন্দেহভাজন হামলাকারী সেখান থেকে পালিয়ে যান।

পরবর্তী তদন্তে শহরের আরও দুটি ভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। একজনকে একটি বাসা থেকে এবং অন্যজনকে কাছাকাছি একটি ব্যবসা প্রতিষ্ঠানে মৃত অবস্থায় পাওয়া যায়। এ নিয়ে নিহতের মোট সংখ্যা দাঁড়ায় ছয়জনে।

তদন্তকারীরা হামলাকারীকে ৫২ বছর বয়সী রায়ান উইলস ম্যাকফারল্যান্ড হিসেবে শনাক্ত করেছেন। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, নিহত সবাই তার পরিবারের সদস্য ছিলেন।

ঘটনার পর পুলিশ তাকে অনুসরণ করতে থাকে। একপর্যায়ে মিসিসিপি নদীর তীরবর্তী একটি সেতুর কাছে তাকে ঘিরে ফেলা হলে তিনি নিজের আগ্নেয়াস্ত্র দিয়ে নিজেকেই গুলি করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাসকাটিন পুলিশ বিভাগের প্রধান বলেন, ‘এ ধরনের ভয়াবহ ঘটনা পুরো সম্প্রদায়কে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি আমাদের গভীর সমবেদনা রয়েছে।’

পুলিশ আরও জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে অতীতে অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড ছিল। তবে বর্তমানে জনসাধারণের জন্য কোনো ধরনের হুমকি নেই।

আরও পড়ুন

সর্বশেষ