ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী। এর এক ঘণ্টা বাদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীও ঢোকেন বঙ্গভবনে। সন্ধ্যা সোয়া ৬টার দিকে প্রধানমন্ত্রী ও স্পিকার দুজনকেই বঙ্গভবন থেকে বেরিয়ে আসেন।
রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম বলেন, “রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর এটি সৌজন্য সাক্ষাত।” এর আগে নতুন মন্ত্রিসভার শপথের জন্য গত ১২ জানুয়ারি বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী। এদিকে বুধবার দশম সংসদের প্রথম অধিবেশন শুরুর আগে মঙ্গলবার সন্ধ্যায় বৈঠকে বসছে আওয়ামী লীগের সংসদীয় দল। দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে ওই বৈঠকেই স্পিকার ও ডেপুটি স্পিকার মনোনয়ন দেয়ার কথা।
নতুন সংসদের স্পিকার পদে আগের সংসদের কর্তৃত্বে থাকা শিরীন শারমিন চৌধুরীকেই দেখা যেতে পারে বলে ইংগিত পাওয়া গেছে। শেখ হাসিনার ছেড়ে দেয়া রংপুর-৬ আসনের উপ নির্বাচনে মঙ্গলবারই তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
ফলে নির্বাচিত সংসদ সদস্য হয়েই বুধবার তিনি দশম সংসদের প্রথম অধিবেশনে যোগ দেবেন; পরবর্তী স্পিকার পদে তার নির্বাচিত হওয়ার ক্ষেত্রেও আইনি বাধা থাকবে না।
আবদুল হামিদ রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার পর নবম সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য শিরীন শারমিন দেশের প্রথম নারী স্পিকার হিসাবে সংসদের কর্তৃত্বে আসেন।




