প্রস্তাবিত “শরফিয়ান’স হাসপাতাল” প্রকল্পের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে দেশের স্বাস্থ্যসেবা খাতে একটি বিশ্বাসযোগ্য ও সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী চিকিৎসা মডেল গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরা হয়। ১২ই এপ্রিল (রবিবার) চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে অবস্থিত মেট্রোপলিটন হাসপাতালে এই সভা অনুষ্ঠিত হয়। সভাটি পরিচালনা করেন আশ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।
প্রচলিত বেসরকারি হাসপাতালগুলোর তুলনামূলক উচ্চ ব্যয়ের কারণে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এর বিপরীতে “শরফিয়ান’স হাসপাতাল” মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এগিয়ে এসেছে।
সভায় জানানো হয়, হাসপাতালটির শেয়ার মূল্য নির্ধারণ করা হয়েছে, প্রতি শেয়ার ১০,০০০ টাকা। সাধারণ বিনিয়োগকারীদের জন্য এতে অংশগ্রহণ উন্মুক্ত রাখা হয়েছে এবং সহজ কিস্তি সুবিধায় প্রতি মাসে ১,০০০ টাকা করে বিনিয়োগ করার সুযোগ থাকবে।
প্রকল্পটির মোট অনুমোদিত মূলধন ধরা হয়েছে ১০০ কোটি টাকা, যার মধ্যে প্রথম ধাপে ৩০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া বোর্ড মেম্বারশিপের জন্য ন্যূনতম ২০ লাখ টাকা বিনিয়োগ নির্ধারণ করা হয়েছে। বোর্ড চেয়ারম্যান নির্বাচন করা হবে যোগ্যতা, দৃষ্টিভঙ্গি এবং নেতৃত্বের গুণাবলির ভিত্তিতে।
আয়োজকদের মতে, প্রচলিত কর্পোরেট-নির্ভর স্বাস্থ্যসেবা ব্যবস্থার পরিবর্তে এটি একটি কমিউনিটি-ভিত্তিক ও নৈতিক মূল্যবোধসমৃদ্ধ স্বাস্থ্যসেবা মডেল হবে, যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে সর্বোচ্চ অগ্রাধিকার।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে এটি দেশের স্বাস্থ্যখাতে একটি নতুন ও নৈতিক বিকল্প মডেল হিসেবে ভূমিকা রাখতে সক্ষম হবে।




