ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ওমর ফারুক খানকে দেড় মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংকটির ভারপ্রাপ্ত এমডি হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে আলতাফ হোসেনকে। সোমবার (১৩ এপ্রিল) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। রোববার (১২ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
ইসলামী ব্যাংক সূত্র জানায়, এদিন ইসলামী ব্যাংকের নিয়মিত বোর্ড মিটিংয়ে এমডি ওমর ফারুকের বিষয়ে প্রশ্ন ওঠে। পরে বোর্ড সদস্যদের সিদ্ধান্তক্রমে তাকে সাময়িক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
২০২৫ সালের ৩ আগস্ট মো. ওমর ফারুক খানকে এমডি হিসেবে নিয়োগ প্রদান করে কেন্দ্রীয় ব্যাংক। ওই বছরের এপ্রিলে ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল। এরপর তাকে অপসারণ করে মো. ওমর ফারুক খানকে এমডি নিয়োগ দেয়া হয়েছিল।
মো. ওমর ফারুক খানকে ২০২৮ সালের ৩০ জুলাই পর্যন্ত তাকে এই পদে নিয়োগ দেয়া হয়েছিল। এর আগে তিনি ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।




