ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয়েছে। রোববার (১৫ মার্চ) বেলা ১১ টায় এ অধিবেশন শুরু হয়েছে। এর আগে গত ১২ মার্চ (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়ে রোববার পর্যন্ত মুলতবি হয়ে যায়। শনিবার (১৪ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়- প্রথম অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। এ অধিবেশনের প্রথম দিনে দেওয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে।
রোববার জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রকাশিত দিনের কার্যসূচি অনুযায়ী, বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়–সংক্রান্ত প্রশ্নোত্তর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি–৭১) এর আওতায় প্রাপ্ত নোটিশসমূহ নিষ্পত্তি করা হবে। একই সঙ্গে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব এবং এ প্রস্তাবের ওপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য আটটি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন পাওয়া গেছে। পাশাপাশি বিধি–৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ২৭টি নোটিশ এবং বিধি–১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ৯৭টি নোটিশ জমা পড়েছে।
অধিবেশন শুরুর দিনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের প্রতিবাদে ওয়াকআউট করে সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা।




