বঙ্গভবনের ই-মেইল ব্যবহার করে দলের আমির শফিকুর রহমানের ডিভাইস হ্যাক করা হয় বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার সকালে রাজধানীর মগবাজারে কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহছানুল মাহবুব যোবায়ের বলেন, ডিভাইস হ্যাক করে দলীয় আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের সম্পর্কে জঘন্য আপত্তিকর পোস্ট দেওয়া হয়। জামায়াত ও দলের আমিরকে হেয়প্রতিপন্ন করতে ঘটানো হ্যাকের ঘটনায় হাতিরঝিল থানায় শনিবার রাতে জিডি করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সংবাদ সম্মেলনে সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমীরে জামায়াত এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে পরিকল্পিতভাবে বিতর্কিত করার লক্ষ্যে একটি গভীর ষড়যন্ত্র চলছে। এর অংশ হিসেবে আমাদের নিয়ন্ত্রণাধীন সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর ও বিভ্রান্তিকর পোস্ট দেওয়া হয়েছে।
এই ঘটনার পরপরই একটি গোষ্ঠী তাৎক্ষণিকভাবে কিছু কর্মসূচি ঘোষণা করেছে, যা আমাদের গভীর সন্দেহকে আরও জোরালো করে। আমরা মনে করছি, এর সঙ্গে একটি বিশেষ রাজনৈতিক দলের সাইবার টিম বা সংশ্লিষ্ট ষড়যন্ত্রকারী চক্র জড়িত থাকতে পারে।
আমীরে জামায়াতের টুইটার (এক্স) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি আমরা ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি এবং এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে বিবৃতি দিয়েছি। এ ঘটনায় রাতেই আমরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।
আমাদের সাইবার সিকিউরিটি টিম পুরো বিষয়টি তদন্ত করছে এবং আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরা হচ্ছে। আইনি পদক্ষেপসহ সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করব। কারণ এটি একটি চরম ও ন্যক্কারজনক অপপ্রয়াস- যার লক্ষ্য আমীরে জামায়াতসহ আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণ্ন করা।
জামায়াতে ইসলামীর অবস্থান অত্যন্ত স্পষ্ট- নারী সমাজ, দেশ, দেশের স্বাধীনতা ও মর্যাদার প্রতি আমাদের শ্রদ্ধা প্রশ্নাতীত। আমীরে জামায়াত বিষয়গুলো অত্যন্ত সুস্পষ্ট ও সাবলীলভাবে বারবার তুলে ধরেছেন। এসব কারণেই একটি চক্র ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দ ও সংগঠনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে বলে আমরা মনে করছি।
আজ আমরা সম্মানিত নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দায়িত্বশীল মহলের সঙ্গে এ বিষয়ে আলোচনা করব এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাব।”
এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা ও জাতীয় নির্বাচন কমিটির সদস্য পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম বলেন, “গতকাল ৩১ জানুয়ারি বিকেল ৪টার দিকে আমীরে জামায়াতের অফিসিয়াল এক্স (টুইটার) একাউন্টে সর্বশেষ স্বাভাবিক পোস্ট দেখা যায়। এরপর বিকেল ৪টা ৫৫ মিনিটে আমাদের দৃষ্টিগোচরে আসে যে, ৪টা ৩৭ মিনিটে উক্ত আইডিতে একটি অত্যন্ত আপত্তিকর ও অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রদত্ত হয়েছে, যা আমাদের আদর্শ, চিন্তাধারা ও অবস্থানের সম্পূর্ণ বিপরীত। তখন উক্ত আইডি পরিচালনা টিমের সাথে যোগাযোগ করলে তারা যাচাই করে আইডিটির হ্যাক হওয়ার বিষয়ে নিশ্চিত করেন। তাৎক্ষণিকভাবে আমাদের সাইবার সিকিউরিটি টিম পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা করে এবং আল্লাহর রহমতে ৫টা ০৯ মিনিটে উক্ত আইডির পাসওয়ার্ড পরিবর্তনের মাধ্যমে তা সম্ভব হয়। পরবর্তীতে বিকেল ৫টা ২২ মিনিটে আমরা উক্ত টুইটার একাউন্টে জরুরী ঘোষণার মাধ্যমে বিষয়টি তুলে ধরা হয়।
তদন্তে দেখা গেছে, শুধু আমীরে জামায়াতের টুইটার (এক্স) অ্যাকাউন্ট নয়, একইসঙ্গে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারী ডঃ শফিকুল ইসলাম মাসুদের ফেসবুক পেজও সাময়িকভাবে দখলে নেওয়া হয়েছিল। রাত সাড়ে ৩টার দিকে আমরা থানায় গিয়ে সাধারণ ডায়েরি করি এবং সাংবাদিকদের বিস্তারিত জানাই। রাতভর ব্যপক অনুসন্ধানের মধ্য দিয়ে হ্যাকিং প্রক্রিয়ার আদ্যোপান্ত খুঁজে বের করা সম্ভব হয়েছে এবং সেটাই তুলে ধরার জন্য এখনকার সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ ধরনের অপতৎপরতা চালিয়ে সত্যকে দমন করা যাবে না। জামায়াতে ইসলামী সত্য ও ইতিবাচক রাজনীতির মাধ্যমে মানুষের পাশে থাকতে চায়। আমাদের ক্রমবর্ধমান জনসমর্থন ও অগ্রযাত্রা কোনো ষড়যন্ত্রের মাধ্যমে থামানো যাবে না ইনশাআল্লাহ।
এক্স হ্যাক হলে উদ্ধারে তিন দিন পর্যন্ত লাগে। জামায়াত কী করে আধা ঘণ্টায় অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফেরত পেলো- এই প্রশ্নে সংবাদ সম্মেলনে তথ্যপ্রযুক্তবিদ মাহমুদ আলম বলেন, ‘জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট নয়, হ্যাক হয়েছিল ডিভাইস। সেই ডিভাইসে এক্স অ্যাকাউন্ট লগইন ছিল। ডিভাইস নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে হ্যাকাররা এক্স কাউন্ট থেকে পোস্ট দেয়। বিষয়টি নজরে এলে ডিভাইসে এক্সের সেশন সমাপ্ত করে ৫টা ৯ মিনিটে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদল করা হয়। মানে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়নি।
ডিভাইস কীভাবে হ্যাক হলো- এমন প্রশ্নে মাহমুদুল আলম তথ্যচিত্র তুলে ধরে দেখান, গত ২৩ জানুয়ারি বঙ্গভবনের ব্যবহৃত সরকারি ই-মেইল ঠিকানা ‘assistantprogrammer@bangabhaban.gov.bd’ থেকে জামায়াত আমিরের ই-মেইলে মেইল আসে। এতে লেখা ছিল ‘নির্বাচন সংক্রান্ত জরুরি তথ্য’। সরকারি ই-মেইল হওয়ায় জামায়াত আমিরের একটি ডিভাইস থেকে মেইলের অ্যাটাচমেন্ট খোলা হয়। এই ‘ফিশিং অ্যাটাচমেন্টে’ ক্লিকের কারণে ওই ডিভাইসের নিয়ন্ত্রণ হ্যাকারদের কাছে চলে যায়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের কাছেও একই ই-মেইল ঠিকানা থেকে মেইল যায়। অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের কাছেও ফিশিং মেইল পাঠানো হয়। বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমের ই-মেইল ঠিকানাটি ব্যবহার করার কথা। ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিবের প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী দেলোয়ার হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট গত ১২ জানুয়ারি হ্যাক করার চেষ্টা করা হয়।’
সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ডিভাইস হ্যাকার ৪টা ৩৭ মিনিটে নারীর প্রতি অবমাননাকর পোস্টটি দিয়ে এক মিনিট পর স্ক্রিনশট রাখে। জামায়াত ৫টা ২২ মিনিটে হ্যাকের কথা জানিয়ে বিবৃতি দেয়। স্ক্রিনশট ভাইরাল করা হয় রাত ১২টার দিকে। যদি জামায়াত আমিরের টিমের কেউ পোস্টটা দিতো, তাহলে তো ভাইরালের পর হ্যাকের বিবৃতি দিতো মুখরক্ষায়। ভাইরাল হওয়ার সাত ঘণ্টার বেশি সময় আগে জামায়াত হ্যাকের তথ্য জানিয়েছে।’
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহছানুল মাহবুব বলেন, ‘নির্বাচনের মাঠে প্রচার ও আদর্শে না পেরে প্রতিপক্ষরা জামায়াতকে হেয় কররত হ্যাকের মতো জঘন্য কৌশল বেছে নিয়েছে। জামায়াত আমির শনিবার দুপুরে এক্স থেকে নারীদের উচ্চশিক্ষার পরিকল্পনার কথা তুলে ধরেন। জামায়াতের নেতৃত্বের ৪৩ শতাংশ নারী। অধিকাংশই কর্মজীবী। জামায়াত আমিরের পরিবারের নারীরাও কর্মজীবী। যিনি নারীদের উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চান, যার সহকর্মীরা নারী, যার পরিবারের নারীরা কর্মজীবী, তিনি কী নারীরের বাইরে কাজ করা সম্পর্কে আপত্তিকর কিছু বলতে পারেন?’
এহছানুল মাহবুব বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, ‘একটি দল জামায়াতের নারী কর্মীদের ওপর অব্যাহত হামলা করে নারী বিদ্বেষী হিসেবে ভোটের মাঠে পরিচিতি পেয়েছে। নির্বাচনে নারীদের কাছে প্রত্যাখ্যাত হওয়ার ভয়ে হ্যাকের মাধ্যমে জামায়াতকে হেয় করতে চাইছে। জামায়াত সবকিছু আজ নির্বাচন কমিশনকে জানাবে। ব্যবস্থা নিতে হবে।




