বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি। একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না।’ সোমবার (৫ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বামদলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্ট নেতাদের সাথে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
যুক্তফ্রন্টের পক্ষ থেকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানান নেতারা।বৈঠকে তারেক রহমানের সঙ্গে সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেন নেতৃবৃন্দ।
এসময় অভ্যুত্থানের পর বাংলাদেশে যে নতুন পরিস্থিতি ও সুযোগ তৈরি হয়েছে তাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, সরকার ও বিরোধী দলের সকলে মিলে দেশকে এগিয়ে নিতে হবে।
এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে জোর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
আলোচনায় মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়নে জোর দেন বাম নেতারা। বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও রাজনৈতিক সহনশীলতা নিশ্চিতের আহ্বান জানান বাম নেতৃবৃন্দ।




