দেশে ফিরতে ট্রাভেল পাশ হাতে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার প্রস্তুতিতে এক দিনেই লন্ডনে বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পাশ পেয়ে গেছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা শুক্রবার রাতে একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উনি কাল আবেদন করেছিলেন। আমার জানা মতে হয়ে গেছে। যুক্তরাজ্য বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা বলেন, “সব পরিকল্পনা মতই এগোচ্ছে। উনি ট্রাভেল পাশও পেয়েছেন।
তারেক রহমানের মেয়ে জাইমা রহমান শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় জাইমা রহমান ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন, তার বাবা ট্রাভেল পাস হাতে পেয়েছেন এবং ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন।
জাইমা রহমান ফেসবুকে লিখেছেন,‘বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন।’
২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে তার দেশে ফেরা নিয়ে ছিল নানা জল্পনা-কল্পনা। গত ২৩ নভেম্বর তার মা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর দেশে ফেরার বিষয়টি একক সিদ্ধান্ত নয় বলে বার্তাও দেন তিনি। তবে গত ১২ ডিসেম্বর বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান।
এরইমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাকে কেন্দ্র করে গঠন করা হয়েছে অভ্যর্থনা কমিটিও। ওই কমিটি বৈঠক করে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে। পরে জানানো হয়, বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। তাকে স্বাগত জানাতে বড় আয়োজন করতে যাচ্ছে দলটি।
২০০৭-০৮ সালের সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়ার মতো তার বড় ছেলে তারেক রহমানকেও গ্রেফতার করা হয়েছিল। মুক্তি পাওয়ার পর তিনি পরিবার নিয়ে লন্ডনে চলে যান, দেশে আর ফেরেননি।




