ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড দ্রুত বন্ধ চায় ঢাকা। আজ রোববার সকালে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে এ কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ওসমান হাদির হত্যার চেষ্টায় সঙ্গে জড়িত সন্দেহভাজনরা ভারতে প্রবেশ করলে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। তবে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রত্যাখ্যান করেছে দিল্লি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। আসন্ন সংসদীয় নির্বাচনকে বাধা দিতে পলাতক শেখ হাসিনা নিজ সমর্থকদের বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে চালাতে আহ্বান জানিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়া অব্যাহত রেখেছেন এবং ভারত তা হতে দিচ্ছে। প্রণয় ভার্মাকে তলব করে এ বিষয়ে সরকারের গভীর উদ্বেগের কথা জানানো হয়। বিচার বিভাগের দেওয়া সাজা ভোগের জন্য শেখ হাসিনা ও আসাদুজ্জামন খান কামালকে দ্রুত সময়ের মধ্যে প্রতপর্ণ করার আবারও আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে বাংলাদেশের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য পরিকল্পনা, সংগঠিত ও সহায়তা করার মতো বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ভারতে অবস্থানরত পলাতক আওয়ামী লীগের সদস্যদের কার্যক্রমের প্রতিও রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এসময় ভারতকে এই ফ্যাসিবাদী সন্ত্রাসীদের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া এবং যত দ্রুত সম্ভব তাদের বাংলাদেশে প্রত্যর্পণ করার আহ্বান জানানো হয়েছে।




