শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়হাসিনার রায়ের দিন মাঠে থাকার ঘোষণা জামায়াতসহ ৮ দলের

হাসিনার রায়ের দিন মাঠে থাকার ঘোষণা জামায়াতসহ ৮ দলের

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায়ের দিন সোমবার (১৭ নভেম্বর) জামায়াতে ইসলামীসহ জোটের আটটি দল মাঠে থাকবে। রোববার (১৬ নভেম্বর) আট দলের যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে উদ্দেশ্য করে তিনি এই মন্তব্য করেন।

জামায়াতের সেক্রেটারি বলেন, আমরা অতীতের কর্মসূচিতেও মাঠে ছিলাম, এবারও ফ্যাসিবাদের পক্ষে নাশকতার কোনো সুযোগ জাতি দেবে না। তারা (আওয়ামী লীগ) এটার সুযোগ পাবে না। আমরা আটদল মাঠে থাকব। জামায়াতের পাঁচ দফা দাবিতে আন্দোলন বিষয়ে আয়োজন করা সংবাদ সম্মেলনে তিনি বলেন, আট দলের পক্ষ থেকে গণভোটে ‘হ্যাঁ’ বলার জন্য সিদ্ধান্ত নিয়েছে আট দলের জোট। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করা হবে।

তিনি আরও বলেন, সরকারের কিছু পদক্ষেপ দেখে মনে হচ্ছে তারা একটি বিশেষ দলকে খুশি করার চেষ্টা করছেন, যা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করছে। সরকার যদি নিরপেক্ষতা বজায় রাখে, তাহলে ৮ দল তাদের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে। জনগণের আশা–-আকাক্সক্ষা পূরণে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই গণভোট আয়োজন এবং জুলাই জাতীয় সনদের সংস্কার বাস্তবায়ন জরুরি।

অধ্যাপক পরওয়ার প্রশাসনে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। তিনি বলেন, নির্বাচনের মাঠ সমতল করতে ডিসি-এসপিসহ সকল পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে। প্রশাসনের মধ্যে একটি বিশেষ দলের প্রতি আনুগত্যশীল লোক নিয়োগ করা হলে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।

তিনি জানান, দেশের মানুষ ‘হ্যাঁ’ ভোট ও সংস্কারের পক্ষে, আর যারা ‘না’ ভোটের প্রচারণা করছে তারা সংস্কার ও নিরপেক্ষ নির্বাচন চায় না। ৮ দলের লিয়াজোঁ কমিটির আলোচনার মাধ্যমে পরবর্তী কর্মসূচি শিগগিরই ঘোষণা করা হবে বলেও তিনি জানান।”

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে যে ভাষণ দিয়েছেন, তাতে অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য জনগনের যে আকাঙ্ক্ষা, তার ‘আংশিক পূরণ হয়েছে’। আট দলের পাঁচ দফা দাবির যেগুলো পূরণ তা আদায়ে কর্মসূচি অব্যাহত থাকবে।

এর আগে বেলা ১১টায় মগবাজার আল ফালাহ মিলনায়তনে আন্দোলনরত ৮ দলের শীর্ষ নেতৃবৃন্দের এক বৈঠক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মোঃ রেজাউল করিম (পীরসাহেব, চরমোনাই), বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এড. আনোয়ারুল হক চান এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী।

আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মাওলানা মুসাদ্দিক বিল্লাহ মাদানী ও মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়ির নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ ও মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মাদ মুনতাসির আলী ও অধ্যাপক আবদুল জলিল, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসাইন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাওলানা মোহাম্মদ তৌহিদুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির অর্থসচিব মাওলানা আনোয়ারুল কবির, বাংলাদেশ খেলাফত আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি মোঃ রুকনুজ্জামান (রতন) প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ