মরক্কোর রাজধানী রাবাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা চালু হয়েছে। গতকাল শনিবার মরক্কোয় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পাসপোর্ট ও অভিবাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নুরুল আনোয়ার। প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রবাসী বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট-সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে তুলে ধরেন।
এ ছাড়া তিনি সার্বিক পাসপোর্ট সেবার মানোন্নয়নে এবং সবার মধ্যে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর সম্পর্কে ইতিবাচক মনোভাব তৈরির লক্ষ্যে বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সবাইকে জানান। রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা তাঁর বক্তব্যে প্রধান উপদেষ্টার দিকনির্দেশনায় প্রবাসীদের কাছে ই-পাসপোর্ট সেবা পৌঁছে দেওয়ায় পাসপোর্ট ও অভিবাসন অধিদপ্তরের সক্রিয় ভূমিকার জন্য ধন্যবাদ জানান।



