আজ ৩০ জুলাই ২০২৫ তারিখে বাংলাদেশ হাইকমিশন, প্রিটোরিয়া জুলাই বিপ্লবের বর্ষপূতি উপলক্ষে জুলাই যোদ্ধাদের স্মরণে সপ্তাহব্যাপী ”জুলাই বিয়োন্ড বর্ডারস” অনুষ্ঠানের উদ্বোধন করেছে । উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রায় ৫০ জন বিভিন্ন পেশাজীবী বাংলাদেশী নাগরিক আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ হাইকমিশন, প্রিটোরিয়া-তে নিযুক্ত মান্যবর হাইকমিশনার জনাব শাহ্ আহমেদ শফী উপস্থিত সকলকে স্বাগত জানান এবং জুলাই যোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন । এরপর তিনি আমন্ত্রিত অতিথিসহ আলোকচিত্র ও গ্রাফিতি পরিদর্শন করেন এবং প্রামাণ্যচিত্র দেখেন । ৩০ জুলাই থেকে ০৫ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত ( শনিবার সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত এবং রবিবার ব্যতীত) বাংলাদেশ হাইকমিশন, প্রিটোরিয়া-তে এ আলোকচিত্র, গ্রাফিতি এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী চলবে ।
৪ আগস্ট সোমবার আলোকচিত্র, গ্রাফিতি এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী শুধু বিদেশি কূটনীতিকদের জন্য উন্মুক্ত থাকবে। ৫ আগস্ট জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া আয়োজনের মধ্য দিয়ে ”জুলাই বিয়োন্ড বর্ডারস” অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হবে ।




