জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষ ও হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনাসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। তারা হলেন- সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ (মঙ্গলবার, ২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তারা জেলা কারাগারে আসেন। সেখানে ক্ষতিগ্রস্ত কারাগার পরিদর্শন করেন। এসময় কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন উপদেষ্টারা। বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এরপর দুই উপদেষ্টা এনসিপির সভা মঞ্চ, সংঘর্ষের স্থান, জুলাই স্মৃতি স্তম্ভসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে দেখেন।
এরপর দুই উপদেষ্টা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসন ও পুলিশের সাথে সভা করার কথা রয়েছে রয়েছে। দুপুর ১২টায় দুই উপদেষ্টা স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।




