জেমিসন রেড ক্রিসেন্ট মেটারনিটি হাসপাতালের ভাইস চেয়ারম্যানের কক্ষ থেকে এক যুবলীগ নেতাকে ধরে পুলিশে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পাশাপাশি একই সময় হাসপাতালটির ইনচার্জ আলাউদ্দিন পাটোয়ারীর অনিয়ম দুর্নীতির জন্য হাসপাতাল থেকে প্রত্যাহার এবং শাস্তি দাবি করা হয়।
রোববার (১৩ জুলাই) বিকালে নগরের আন্দরকিল্লা জেমিসন রেড ক্রিসেন্ট মেটারনিটি হাসপাতালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রোববার হাসপাতালটির ম্যানেজমেন্ট কমিটির সভা ছিল। সভায় হাসপাতালে ইনচার্জ আলাউদ্দিন পাটোয়ারীর বিভিন্ন আর্থিক অনিয়ম ও নারী কেলেঙ্কারী নিয়ে অভিযোগ তোলে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তারা উপস্থিত সোসাইটির বোর্ড সদস্যদের কাছে ইনচার্জের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ সময় ছাত্ররা জানতে পারেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম ইউসূফের সঙ্গে দেখা করতে এসেছেন স্থানীয় যুবলীগ নেতা আমিরুল ইসলাম শাহনুর। এ খবরে শাহনুরকে ধরে জিজ্ঞেসাবাদ করে ছাত্ররা। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এছাড়া, হাসপাতালের নানা অভিযোগের বিষয়ে হাসপাতালের ইনচার্জ আলাউদ্দিন পাটোয়ারীকেও বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করে ছাত্ররা। এ সময় তার মোবাইলের কল লিস্ট চেক করা হলে হাসপাতালটিতে আওয়ামী আমলে দায়িত্ব পালন করা সাবেক চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজমের সঙ্গে যোগসাজশের প্রমাণ পায়। বাকবিতণ্ডার একপর্যায়ে তারা ইনচার্জ আলাউদ্দিনকে অফিস থেকে বের করে দেন।
এদিকে, হাসপাতালের ম্যানেজমেন্ট কমিটির সভায় উপস্থিত একাধিক সদস্যের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
কমিটির চেয়ারম্যান ডা. ইমরান বিন ইউনুস বলেন, আজকে হাসপাতাল পরিচালনা কমিটির প্রথম সভা ছিল। এতে ছাত্র প্রতিনিধিরা হাসপাতালে ইনচার্জের বিভিন্ন অনিয়ম প্রমানসহ তুলে ধরে। পরে এক যুবলীগ নেতা হাসপাতালে এসেছেন এমন খবর পেলে তারা তাকে (যুবলীগ নেতা) ধরে পুলিশের হাতে তুলে দেন।
প্রায় একই ধরনের বক্তব্য দিয়েছেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক ও ম্যানেজমেন্ট কমিটির সদস্য আব্দুল আওয়াল চৌধুরী।
তিনি বলেন, সরকার পরিবর্তনের পর নতুন কমিটি না থাকার সুবিধার্থে নানা অনিয়ম করেছেন হাসপাতালের ইনচার্জ আলাউদ্দিন পাটোয়ারী। যা নিয়ে ছাত্ররা অভিযোগ করেন। পরে তার ফোনের কললিস্ট চেক করে আওয়ামী দোসরদের সঙ্গে যোগাযোগের সত্যতা মিলেছে।
হাসপাতালের কমর্কর্তাদের সাথে আলাপ করে জানা যা, আলাউদ্দিন পাটোয়ারী সাবোক চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজমের পরামর্শে হাসপাতালের পরিচালনা করেন। একই সাথে তিনি নানা দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন। কেউ প্রতিবাদ করলে তাকে কঠোর শাস্তি প্রদান করেন। হাসপাতালে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। ইনচার্জ আলাউদ্দিন পাটোয়ারীকে প্রত্যাহার না করলে যে কোন সময় আবারও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেন তারা।




