রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েক্লাইমেট চেইঞ্জ ট্রাস্টকে শক্তিশালী করতে ১০ বছর মেয়াদি স্ট্রাটেজিক প্ল্যান প্রণয়ন করা...

ক্লাইমেট চেইঞ্জ ট্রাস্টকে শক্তিশালী করতে ১০ বছর মেয়াদি স্ট্রাটেজিক প্ল্যান প্রণয়ন করা হবে : পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশ ক্লাইমেট চেইঞ্জ ট্রাস্টকে (বিসিসিটি) একটি দক্ষ, স্বয়ংসম্পূর্ণ ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিশেষজ্ঞদের পরামর্শে ১০ বছর মেয়াদি স্ট্রাটেজিক প্ল্যান প্রণয়ন করা হবে। সোমবার রাজধানীর মহাখালীতে বিসিসিটি কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন, ২০১০ সংশোধন ও নির্দেশিকা হালনাগাদ করে সময়োপযোগী করা হবে। তিনি জানান, সরকারি জমি বরাদ্দ পেলে বিসিসিটির জন্য নিজস্ব ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে, যা সংস্থার কার্যক্রম পরিচালনায় স্থায়িত্ব ও গতিশীলতা আনবে।

তিনি আরো বলেন, ট্রাস্ট ফান্ডের অর্থায়নে পরিচালিত গবেষণা প্রকল্পসমূহের পেটেন্ট অধিকারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি, প্রকল্প কার্যক্রমের রিয়েল টাইম ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালুর মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নেয়া হবে।

পরিবেশ উপদেষ্টা ট্রাস্টের জনবলের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে জনবলকে আরো কার্যকর ও প্রভাবশালী করে গড়ে তুলতে হবে। তিনি জনকল্যাণে কাজ করার জন্য বিসিসিটির কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ; অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ; বিসিসিটির ব্যবস্থাপনা পরিচালক গাজী মো: ওয়ালি উল হক, সচিব (উপসচিব) শেখ মনিরুজ্জামান-সহ পরিবেশ মন্ত্রণালয় ও বিসিসিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন

আরও পড়ুন

সর্বশেষ