রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে বিজিএমইএ নির্বাচনে ফোরামের বিজয়

চট্টগ্রামে বিজিএমইএ নির্বাচনে ফোরামের বিজয়

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ২০২৫–২৭ মেয়াদের নির্বাচনে বিজয় অর্জন করেছে ফোরাম। ঢাকায় ২৬টি পরিচালক পদের মধ্যে তারা জয়ী হয়েছে ২৫টিতে, আর চট্টগ্রামের ৯টি পদের মধ্যে জয় পেয়েছে ছয়টিতে। অপরদিকে সম্মিলিত পরিষদ থেকে জিতেছেন মাত্র চারজন।

শনিবার রাজধানী ঢাকা ও চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট চলে বিকেল সোয়া ৫টা পর্যন্ত। পরে রাতে ফল ঘোষণা করা হয়।

এবার নির্বাচনে ৩৫টি পরিচালক পদে নির্বাচনকেন্দ্রিক তিন জোট – ফোরাম, সম্মিলিত পরিষদ ও ঐক্য পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করে। ফোরাম ও সম্মিলিত পরিষদ ঢাকা ও চট্টগ্রামে সব পদে প্রার্থী দিলেও ঐক্য পরিষদের প্রার্থী ছিল ছয়জন। ফলে সব মিলিয়ে প্রার্থী ছিলেন ৭৬ জন। নির্বাচনে ফোরামের প্যানেল দলনেতা রাইজিং ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহমুদ হাসান খান। আর সম্মিলিত পরিষদের দলনেতা হলেন চৈতি গ্রুপের এমডি মো. আবুল কালাম। ঐক্য পরিষদের দলনেতা রোমো ফ্যাশন টুডের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন।

প্রাপ্ত তথ্য মতে, ঢাকা ও চট্টগ্রামে মোট ১ হাজার ৮৬৪ জন ভোটারের মধ্যে ১ হাজার ৬৩১ জন ভোট দেন – যা ভোটার উপস্থিতির হিসেবে প্রায় ৮৭ শতাংশ। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৩৭৭টি এবং চট্টগ্রামে ২৫৪টি ভোট কাস্ট হয়। চট্টগ্রামে ৬টি ভোট বাতিল হয়।

নির্বাচনে চট্টগ্রাম অঞ্চল থেকে ফোরাম প্যানেলের সেলিম রহমান ১০৫৮ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন। এছাড়া এমডিএম মহিউদ্দিন চৌধুরী ৯৭৯ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন। অন্যদিকে সাকিফ আহমেদ সালাম ৯৪৪ ভোট, সাইফ উল্যাহ মনসুর ৯২৭ ভোট, মোহাম্মদ রফিক চৌধুরী ৯১৯ ভোট এবং এনামুল আজিজ চৌধুরী ৮৯০ ভোট পেয়ে ফোরাম প্যানেল থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন। অপরদিকে চট্টগ্রাম অঞ্চলে সম্মিলিত পরিষদ থেকে ৯৫০ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন সৈয়দ মোহাম্মেদ তানভীর, ৮৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এসএম আবু তৈয়ব এবং ৮৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাকিবুল আলম চৌধুরী। সম্মিলিত পরিষদ চট্টগ্রামের পরিচালক পদে পরাজিতদের মধ্যে মোহাম্মদ মুসা পেয়ছেন ৬৬৮ ভোট, নাফিদ নবী পেয়েছেন ৬৫১ ভোট, মোস্তফা সারোয়ার রিয়াদ পেয়েছেন ৬২৬ ভোট, অঞ্জন শেখর দাশ পেয়েছেন ৬১৩ ভোট, গাজী মো. শহীদ উল্লাহ পেয়েছেন ৫৮৩ ভোট এবং মো. আবসার হোসেন পেয়েছেন ৫৬৯ ভোট। অপরদিকে ফোরামের চট্টগ্রামের পরিচালক পদে পরাজিত প্রার্থী মির্জা মো. আকবর আলী চৌধুরী পেয়েছেন ৮২৩ ভোট, মো. এমদাদুল হক চৌধুরী পেয়েছেন ৮০৯ ভোট এবং রিয়াজ ওয়ায়েজ পেয়েছেন ৬৯৮ ভোট।

আগামী ২ জুন এই পরিচালকরা ভোট দিয়ে সভাপতি ও সহ–সভাপতি নির্বাচন করবেন। সংশ্লিষ্টরা বলছেন, এবার ফোরাম সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিজিএমইএর পরবর্তী সভাপতি হচ্ছেন প্যানেল লিডার রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান (বাবু)।

আরও পড়ুন

সর্বশেষ