রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়এমডি পদে এক ডজন ব্যাংকে আসছে নতুন মুখ, এমডিদের বয়সসীমা শিথিলের দাবি

এমডি পদে এক ডজন ব্যাংকে আসছে নতুন মুখ, এমডিদের বয়সসীমা শিথিলের দাবি

বেসরকারি খাতের প্রায় এক ডজন ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে থাকা অনেক দক্ষ ব্যাংকারই বয়সের কারণে বিদায় নেবেন। ফলে এই শূন্যতা পূরণে এমডি পদে আসছে নতুন মুখ । এখন থেকে আগামী দুই বছরে এসব ব্যাংকের শীর্ষ পদে নতুন মুখ দেখা যাবে। এ তালিকায় আছেন ব্র্যাক, ডাচ্-বাংলা, এমটিবি, ইস্টার্ণ ও মিডল্যান্ড ব্যাংকের এমডি। আবার অনিয়মের কারণে ডুবতে থাকা ছয় ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। তাঁদের ছুটি থেকে আর না ফেরানোর সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায় নিতে হতে পারে তাঁদের। ফলে সব মিলিয়ে ১০–১২টি ব্যাংকে নতুন মুখের দেখা মিলবে। ব্যাংকগুলোয় খোঁজ নিয়ে এমন তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, ব্যাংকারদের চাকরির মেয়াদ ৫৯ বছর হলেও এমডিরা সর্বোচ্চ ৬৫ বছর পর্যন্ত দায়িত্ব পালন করতে পারেন। এমডি হতে ব্যাংকারদের অভিজ্ঞতা থাকতে হয় ২০ বছরের, বয়স হতে হয় ৪৫ বছরের বেশি। প্রধান নির্বাহী কর্মকর্তার নিয়োগের মেয়াদ হবে তিন বছর, তবে তিনি পুনঃনিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়স যদি ৬৫ বছর অতিক্রান্ত হতে তিন বছরের কম সময় থাকে তবে ততটুকু সময়ের জন্যও তাকে নিয়োগ দেওয়া যাবে।

খোঁজ নিয়ে জানা গেছে, ডাচ্‌–বাংলা ব্যাংকের এমডি আবুল কাশেম মো. শিরিনের মেয়াদ শেষ হবে আগামী বছরের ৬ ফেব্রুয়ারি। তিনি ২০১৬ সালে ব্যাংকটির এমডি হিসেবে দায়িত্ব নেন। মিডল্যান্ড ব্যাংকের এমডি আহসান-উজ জামান তাঁর মেয়াদ শেষ করবেন একই বছরের ২৪ ফেব্রুয়ারি, তিনি ২০১৪ সাল থেকে একই পদে আছেন।

ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেনের মেয়াদ শেষ হবে আগামী বছরের ৪ মার্চ। তিনি ২০১০ থেকে ২০১৫ সালের অক্টোবর পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্সের এমডি ছিলেন। একই মাসে এমডি পদে যোগ দেন ব্র্যাক ব্যাংকে। ইস্টার্ণ ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার আগামী বছরের ১৯ এপ্রিল মেয়াদ শেষ করবেন। তিনি ২০০৭ সাল থেকে এই পদে আছেন।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমডি) সৈয়দ মাহবুবুর রহমানের মেয়াদ ২০২৭ সালের ১৬ ফেব্রুয়ারি শেষ হবে। ২০১০ সাল থেকে তিনি এমডি, এর আগে ছিলেন ব্র্যাক ব্যাংক ও ঢাকা ব্যাংকে।  গত ১৫ বছরে বেসরকারি ব্যাংক এমডিদের মধ্যে ব্যাংক খাতের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে তিনি সবচেয়ে বেশি সরব ছিলেন। মেয়াদ শেষ করতে যাওয়া এসব শীর্ষ নির্বাহী ব্যাংক খাতের এমডিদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) নেতৃত্বে ছিলেন বা আছেন। তাঁরা ব্যাংক খাতে প্রভাবশালী নির্বাহী হিসেবেও পরিচিত। ব্যাংক খাতের বিভিন্ন নীতিমালা ও আইন প্রণয়নে তাঁদের ভূমিকা রয়েছে।

এ ছাড়া কমিউনিটি ব্যাংকের এমডি মশিহুল হক চৌধুরীর মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে। ব্যাংকটিতে নতুন এমডি নিয়োগের প্রক্রিয়া চলছে। সিটিজেনস ব্যাংকের এমডি মোহাম্মদ মাসুমের মেয়াদ শেষ হয়েছে গত ২৭ ফেব্রুয়ারি। তাঁর স্থলে ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আলমগীর হোসেনকে এমডি পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সিটিজেনস ব্যাংকের পরিচালনা পর্ষদ। এখন বাংলাদেশ ব্যাংক তা অনুমোদন করলে এ নিয়োগ চূড়ান্ত হবে। গত বছরের অক্টোবরে ঢাকা ব্যাংকের এমডি পদে যোগ দেন শেখ মোহাম্মদ মারুফ। এর আগে তিনি সিটি ব্যাংকের অতিরিক্ত এমডি ছিলেন।

কয়েকটি বেসরকারি ব্যাংকের উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নানা অনিয়ম ও জালিয়াতির কারণে ব্যাংকিং ব্যবসা চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। এ জন্য এখন সবাই এমডি পদে দক্ষ ব্যাংকারদের পাশাপাশি সুনাম আছে এমন ব্যক্তিদেরই খুঁজছেন। কিন্তু এমন কর্মকর্তা দেশের ব্যাংকগুলোয় খুব বেশি নেই। বাংলাদেশি ব্যাংকার, তবে বিদেশের ব্যাংকে উচ্চপদে কর্মরত আছেন, এমন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখছেন অনেকে।

নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন উদ্যোক্তা বলেন, যেহেতু বাজারে সৎ ও যোগ্য এমডির অভাব রয়েছে সেহেতু বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নিলে অভিজ্ঞ, সৎ ও যোগ্য এমডিরা আরো কিছুদিন দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে। বর্তমান টালমাটাল অর্থনীতিতে এসব এমডিরা অবসরে গেলে দেশের ব্যাংকিং খাত আবারো বিপদগ্রস্থ হতে পারে। তাছাড়া গর্ভনরের বয়সসীমা যেহেতু সরকার উন্মুক্ত করেছে ব্যাংকের এমডিদের ক্ষেত্রেও সেব্যবস্থা রাখা উচিত। এতে করে যেসব এমডিদের বাজারে সুনাম দক্ষতা রয়েছে তারা পুনরায় নিয়োগপ্রাপ্ত হবার সুযোগ থাকবে।

অনেক ব্যাংকার মনে করছেন, বয়সের ভিত্তিতে যোগ্য লোকজনকে বাদ দেওয়া ঠিক নয়। বর্তমানে এমডি পদের জন্য যে বয়সসীমা (সাধারণত ৬৫ বছর) নির্ধারণ করা আছে তাতে অভিজ্ঞতা থাকা সত্ত্বেও ব্যাংকিং খাতের অনেক অভিজ্ঞ পেশাজীবী, যারা ৬৫ বছরের বেশি বয়সী, তারা এমডি পদে পুনঃনিয়োগের সুযোগ হারাচ্ছেন। ফলে, ব্যাংকিং খাতের বিভিন্ন মহল থেকে এই বয়সসীমা শিথিল করার দাবি উঠেছে, যাতে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিরা আরও কিছু সময় এই গুরুত্বপূর্ণ পদে অবদান রাখতে পারেন।

আরও পড়ুন

সর্বশেষ