জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র কেবল বারবার হোঁচট খেয়েছে তাই নয়; একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এদেশে। এমন পরিস্থিতি ভবিষ্যতে আবার তৈরি হোক তা আমরা কেউ প্রত্যাশা করিনা৷ যার বিরুদ্ধে বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো দীর্ঘদিন সংগ্রাম করেছে, তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই আমাদের প্রত্যাশা।
আজ ঢাকায় সংসদ ভবনস্থ এল. ডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রথম দিনের আলোচনার শুরুতে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন। এ সময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড. ইফতেখারুজ্জামান, বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
বাংলাদেশের ভবিষ্যতে পথরেখা তৈরি করার আশাবাদ ব্যক্ত করে আলোচনার শুরুতে অধ্যাপক আলী রীয়াজ আরো বলেন, আমরা আলাপ-আলোচনার মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক এবং সাংবিধানিকভাবে এমন অবস্থা তৈরি করতে চাই, যা বাংলাদেশের ভবিষ্যত পথরেখা তৈরি করবে। তিনি বলেন, আমরা আলোচনার টেবিলের দু’ধারে বসলেও আমরা দুই পক্ষ নই৷ গণতন্ত্রকে একটি স্থায়ী ভিত্তি দেওয়ার জাতির দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণে আমরা একত্রে কাজ করছি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল আলোচনায় অংশগ্রহণ করে। এতে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ছাড়াও আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, দলটির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং আবু মো. মনিরুজ্জামান খান।
উল্লেখ্য, প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত জানাতে অনুরোধ করে সুপারিশগুলোর স্প্রেডশিট আকারে ৩৯টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। এ পর্যন্ত সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন ৩৪টি দলের কাছ থেকে মতামত পেয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি গত ২৩ মার্চ তাদের প্রস্তাবনা কমিশনে জমা দেয়৷ তার প্রেক্ষিতে আজ দলটির সাথে আলোচনায় বসে কমিশন৷ আগামী ২০ এপ্রিল সকাল ১১টায় বিএনপির সাথে দ্বিতীয় দিনের আলোচনা অনুষ্ঠিত হবে৷




