ছয় দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের প্রতিনিধিদল সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর জানিয়েছে, বৈঠকের সিদ্ধান্তে তারা সন্তুষ্ট নয়। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়নি উল্লেখ করে দাবি পূরণ না হওয়া পর্যন্ত দেশজুড়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে কারিগরি শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বৈঠক শেষে কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক মাশফি ইসলাম বলেন, ডেকে এনে বৈঠকের নামে প্রতারণা করা হয়েছে।
আজকে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমাদের বৈঠক করার জন্য ডেকে আনা হয়েছিল। কিন্তু একজন অতিরিক্ত সচিব বৈঠক করেছেন। আমাদের দাবি-দাওয়া লিখে নিয়ে সচিবের কাছে উপস্থাপন করবেন, তারপর উপদেষ্টার কাছে দেবেন। আমরা চেয়েছিলাম উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে। আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।
শিক্ষার্থীরা বলেন, আমাদের আন্দোলন বর্তমানে ‘শিথিল’ আছে। কিন্তু আমরা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে কর্মসূচি ঘোষণা করবো।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে আসেন শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে অতিরিক্ত সচিব (কারিগরি অনুবিভাগ) রেহানা ইয়াছমিনের সঙ্গে বৈঠকে বসে ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’র ১৮ সদস্যের প্রতিনিধিদল।
ছয় দফা দাবি আদায়ে আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশে রেলপথ অবরোধ করার ঘোষণা দিয়েছিলেন এই শিক্ষার্থীরা। তবে সচিবালয়ে বৈঠকের আহ্বানের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা ‘রেলপথ ব্লকড’ কর্মসূচি শিথিল করেন।




