বিভিন্ন কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাব নিয়ে বিএনপির সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়।
গত ২৩ মার্চ ঐকমত্য কমিশনে সংস্কারের মতামত জমা দেওয়ার পর আজ এ বৈঠক হচ্ছে। এর আগে পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে ৩৭টি রাজনৈতিক দল ও জোটের কাছে ‘স্প্রেড শিট’ (ছক আকারে) পাঠিয়ে মতামত চেয়েছিল ঐকমত্য কমিশন।
বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য জামির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
এর আগে গতকাল বুধবার নির্বাচনসহ নানা ইস্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি।




