যুক্তরাজ্যে এবার এক সাথে আওয়ামী লীগ আমলের সাবেক চার মন্ত্রীকে দেখা গেছে। মঙ্গলবার (১ এপ্রিল) যুক্তরাজ্যের একটি হাসপাতালে তাদের দেখা যায়। পরবর্তীতে তাদের এই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
খোঁজ নিয়ে জানা গেছে, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ বেশ কিছুদিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন । চিকিৎসারত নেতাকে দেখতে মঙ্গলবার (১ এপ্রিল) হাসপাতালে দেখতে যান তারা।
সাবেক ওই ৪ মন্ত্রীরা হলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে আলাদা আলাদাভাবে তাদের দেখা গেলেও ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এইবারেই প্রথমবার চারজন সাবেক মন্ত্রীকে একসাথে দেখা গেছে।
রাজনৈতিক মহলে এ নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। কেউ বলছেন, চিকিৎসাধীন নেতাকে দেখার জন্য তারা হাসপাতালে গেছেন, আবার কেউ মনে করছেন, রাজনৈতিক পুনর্বিন্যাস বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে।
সাবেক এই চার মন্ত্রী দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থাকলেও সাম্প্রতিক সময়ের রাজনৈতিক পরিবর্তনের পর তারা অনেকটাই নীরব ছিলেন। ফলে লন্ডনে তাদের একত্রিত হওয়া নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।




