পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হকের ১২ কোটি টাকার এফডিআর, জমির দলিলসহ দুই বস্তা নথি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে মিরপুরে তার এক আত্মীর বাসা থেকে নথিগুলো উদ্ধার করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মঙ্গলবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত অনুসন্ধানকারী কর্মকর্তা সহকারী পরিচালক রাকিবুল হায়াতের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল শহিদুল হকের এক আত্মীয়র বাসায় তল্লাশি চালায়। আকতারুল ইসলাম আর বলেন, এ সময় দুটি বস্তায় মোট ৪৮টি আলামত পাওয়া যায়। এর মধ্যে রয়েছে সম্পদের দলিল, বিভিন্ন গোপনীয় চুক্তিপত্র, ডিড অব অ্যাগ্রিমেন্ট, পাওয়ার অব অ্যাটর্নি, বন্ড, এফডিআর, ব্যাংক হিসাব বিবরণী ইত্যাদি।
প্রাপ্ত বিপুল পরিমাণ সম্পদের এ তথ্য অনুসন্ধান কার্যক্রমে সহায়ক হবে বিবেচনায় কমিশনের কর্মকর্তারা নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে আলামতগুলো জব্দ করেন।
দুদক সূত্রে জানা যায়, এ কে এম শহিদুল হকে বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চালাতে গিয়ে দুদক জানতে পারে, শহিদুল হক তার অবৈধ সম্পদ অর্জনের তথ্য সংবলিত নথিপত্র তার এক নিকটাত্মীয়ের কাছে দুটি বস্তায় ভরে পাঠিয়েছেন। এসব নথিপত্রে শহিদুল হকের বেআইনিভাবে অর্জিত কোটি কোটি টাকার সম্পদের তথ্য রয়েছে।
গত বছরের সেপ্টেম্বরে শহিদুলকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আর বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক।




