ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) বাংলাদেশে তাদের সব ধরনের কার্যক্রম ও প্রকল্প বন্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ জারি করার পরপরই বাংলাদেশসহ বিশ্বজুড়ে এ ধরনের প্রায় সব সহায়তা স্থগিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
নির্বাহী আদেশে বিভিন্ন দেশে ইউএসএআইডি পরিচালিত বিভিন্ন প্রকল্পের কাজ এবং তাদের চুক্তির অধীনে অতিরিক্ত খরচ বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে নতুন সহায়তা স্থগিত করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে নির্বাহী আদেশে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা ব্যবস্থা ও আমলাতন্ত্র আমেরিকান স্বার্থের সঙ্গে সম্পৃক্ত নয় এবং অনেক ক্ষেত্রেই আমেরিকান মূল্যবোধের পরিপন্থি। তবে এক কর্মকর্তা বলছেন, স্থগিতের নিশানায় পড়া বৈশ্বিক স্বাস্থ্য সম্পর্কিত সহায়তা কর্মসূচিগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বার্থ রয়েছে। এসব কর্মসূচি দ্বিপক্ষীয় সমর্থন পেয়ে আসছিল।




