ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুককে সঙ্গে নিয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়েছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। কিন্তু আহতদের তোপের মুখে হাসপাতাল ছাড়তে হয়েছে তাদের।
জানা যায়, সকালে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকসহ নিটোরে আহতদের দেখতে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। রোগীদের পরিদর্শনের সময় উপদেষ্টার প্রোটকলে থাকা এক দায়িত্বরত ব্যক্তির বিরুদ্ধে রোগীকে ধাক্কা দেয়ার অভিযোগ ওঠে। এরপর শুরু হয় হট্টগোল। এ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অর্থ না পাওয়ারও অভিযোগ তোলেন অনেকে। তোপের মুখে দ্রুত হাসপাতাল ছাড়ার চেষ্টা করেন উপদেষ্টা ও ব্রিটিশ হাইকমিশনার। তবে বিক্ষোভকারীরা তাদের গাড়ি ঘিরে ধরেন। এক পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের সহযোগিতায় তারা হাসপাতাল ত্যাগ করেন।
এদিকে, নিটোরের গেট বন্ধ করে রাস্তায় অবস্থান নেন বিক্ষোভকারীরা। এতে যানজট দেখা দেয়।




