ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মধ্যে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানীতে প্রথম সমাবেশ করেছে বিএনপি। বুধবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশে বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগের দিন মঙ্গলবার খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। তিনি বন্দি অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। ওই হাসপাতাল থেকেই তিনি পল্টনের সমাবেশে ভার্চুয়াল বক্তব্য দেন বিএনপি নেত্রী।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, এই বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসস্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। বীর সন্তানরা মরণপণ সংগ্রামের মধ্য দিয়ে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত-শত শহীদদের জানাই শ্রদ্ধা।
বুধবার (৭ আগস্ট) বিকালে রাজধানীর নয়া পল্টনে বিএনপির সমাবেশে খালেদা জিয়া এসব কথা বলেন। রেকর্ডকৃত ভিডিও প্রচারে তিনি তার বক্তব্য রাখেন। রাজধানীর এভার কেয়ার থেকে তার বক্তব্যটি রেকর্ড করা হয়।
বিএনপির সমাবেশে খালেদা জিয়া বলেন, দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারাবন্দি অবস্থায়, আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন। সে জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, আমাদের বীর সন্তানদের যারা মরণপণ সংগ্রামের মধ্য দিয়ে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদের জানাই শ্রদ্ধা’, উল্লেখ করেন বেগম জিয়া।
বিএনপির চেয়ারপারসন বলেন, সকল ধর্মের, গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি।
সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির নেতারা বক্তব্য রাখেন।




