ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিরোধী দলকে উদ্দেশ করে বলেছেন, আন্দোলনের নামে মানুষ হত্যা বন্ধ না হলে সরকার আরো কঠোর হবে। বিরোধী জোটের ডাকা হরতাল ও অবরোধে অগ্নিদগ্ধ রোগীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শনে গিয়ে আজ দুপুরে শেখ হাসিনা বলেন, বিরোধী দলীয় নেত্রী (খালেদা জিয়া) গণহত্যায় নেমেছেন। আর ওনার দোসর হচ্ছেন জামায়াত-শিবির। এ গণহত্যা বন্ধ না হলে সরকার আরো কঠোর হবে।
প্রধানমন্ত্রী বলেন, আমরাও তো আন্দোলন করেছি। কিন্তু আমরা তো মানুষ পুড়িয়ে মারিনি। আজ আমরা কি দেখছি। বিরোধী দল আন্দোলনের নামে সারাদেশে সহিংসতা করছে। নিরীহ সিএনজি চালক, বাস চালক ও সাধারণ মানুষকে পুড়িয়ে মারছে, তাদের কি অপরাধ। যারা মানুষ পুড়িয়ে মারছে তাদের খুঁজে বের করা হবে। তাদের বিরুদ্ধে হুকুমের মামলা করা হবে।
বাসে আগুন দিয়ে মানুষ মারাকে গণহত্যা’ বলে অভিহিত করে শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া এসি রুমে বসে হুকুম দিচ্ছেন আর এভাবে সাধারণ মানুষকে মেরে ফেলা হচ্ছে। এসব হুকুমদাতাদের ছাড় দেয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এর আগে বার্ন ইউনিটে পৌঁছে প্রধানমন্ত্রী আগুনে পোড়া রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলেন। তিনি আহতদের যথাযথ চিকিৎসা সেবা চালিয়ে রাখতে সংশ্লিষ্ট চিকিত্সকদের পরামর্শ দেন।




