রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়ঢাকায় ব্যর্থ হয়ে বিদেশে এমপি আনারকে হত্যার পরিকল্পনা: ডিবি

ঢাকায় ব্যর্থ হয়ে বিদেশে এমপি আনারকে হত্যার পরিকল্পনা: ডিবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, কলকাতার নিউটাউনে হত্যার শিকার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মরদেহ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে মরদেহের অংশ বিশেষ পাওয়া যেতে পারে। আর আমরা ভারতের পুলিশের সঙ্গে সব সময় যোগাযোগ রাখছি। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

হারুন বলেন, সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যার পরিকল্পনা হয় দুই থেকে তিন মাস আগে। তারা পরিকল্পনা করেছিল ঢাকায় হত্যা করবে। কিন্তু বাংলাদেশ পুলিশের নজরদারি ও ঢাকায় হত্যাকাণ্ডের পরে সব হত্যার ক্লু পুলিশ বের করে নেবে বলেই হত্যাকারীরা কলকাতায় এ ঘটনা ঘটিয়েছে।

বিদেশের মাটিতে অপরাধ করলে বাংলাদেশ পুলিশের নজরে আসবে না ভেবে তারা কলকাতাকে বেছে নেয়। তবে তারা এ হত্যাকাণ্ডের পর পালিয়ে থাকতে পারেনি। আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি। আরও কয়েকজনকে নজরাদিতে রাখা হয়েছে।

এদিকে সিআইডির হাতে আটক হয়েছে বাংলাদেশি যুবক সিয়াম। ১৩ মে হত্যাকাণ্ডের ঘটনার দিন তিনি নিউটাউনের সঞ্জীবা গার্ডেনের ওই ফ্ল্যাটে ছিলেন বলে জানা গেছে। এছাড়া এ ঘটনায় জুবের নামে এক ক্যাব চালককেও আটক করেছে তদন্তকারী কর্মকর্তারা। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। হত্যার পর মরদেহের অংশ সরিয়ে নিতে ব্যবহার করা সাদা রঙের মারুতি গাড়িটি বৃহস্পতিবার ভোরে জব্দ করা হয়। ৩০ এপ্রিল অনলাইন রেন্টালের মাধ্যমে সেই গাড়ি ভাড়া করে আততায়ীরা।

নিখোঁজের আট দিন পর বুধবার জানা যায় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে খুন করা হয়েছে। ভারতে চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশের একজন সংসদ সদস্যকে ভারতে কেন হত্যা করা হবে তা নিয়ে দানা বাঁধে নানান সন্দেহ।

আরও পড়ুন

সর্বশেষ