সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদটপদেশের শৃঙ্খলা রক্ষায় সব বাহিনীকে আধুনিক করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শৃঙ্খলা রক্ষায় সব বাহিনীকে আধুনিক করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য সব বাহিনীকে আধুনিকভাবে তৈরি করা হচ্ছে। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও যেন নিজেদের দক্ষতা প্রমাণ করতে পারেন সেভাবেই গড়ে তোলা হচ্ছে তাদের। জাতিসংঘে আমাদের পুলিশ বাহিনীও যাচ্ছে। সক্ষমতার প্রমাণ দিচ্ছেন নারীরাও।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে নেত্রকোনার হাওড়াঞ্চল মোহনগঞ্জের আদর্শনগর গ্রামে পুলিশ তদন্ত কেন্দ্র (ফাঁড়ি) উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মার্কিন ভিসা নীতি তাদের নিজস্ব বিষয়, এ নিয়ে ভয়ের কিছু নেই।

সীমান্ত হত্যা ও চোরাচালানের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত হত্যা যেন না হয় সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে। সীমান্ত হত্যা এমন দু-চারটা ঘটেই থাকে। এগুলোও আমরা কমিয়ে আনার চেষ্টা করছি।

আগামী নির্বাচন নিয়ে তিনি বলেন, দেশের সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে কে কী বলল তাতে কিছু যায়-আসে না। সেই সাথে যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কিংবা মামলা রয়েছে তাদের যেকোনো সময় গ্রেফতার করা হতে পারে। নির্বাচনকালীন গ্রেফতারের বিষয়ে কমিশনের বক্তব্যের কোনো নিউজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি। পুলিশ না জেনে না বুঝে কাউকে গ্রেফতার করে না।

পুলিশ ফাঁড়ির নতুন ভবন উদ্বোধন শেষে তিনি আদর্শনগর গ্রামে শহীদ স্মৃতি মহাবিদ্যালয় প্রাঙ্গণে ভাষাশহীদদের স্মরণে নির্মিত দৃষ্টিনন্দন শহীদ মিনার উদ্বোধন করেন।

এ সময় নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, ময়মনসিংহ রেঞ্জের পুলিশের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ