ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
নূন্যতম আট হাজার টাকা মজুরির দাবিতে ফের অসন্তোষ ছড়িয়েছে আশুলিয়ায়। বৃহস্পতিবার সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এসময় তারা মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর ও টায়ারে আগুন দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছুড়েছে।
এদিকে বুধবার রাতে বিজিএমইএ’র পক্ষ থেকে জানানো হয় তারা সরকারি মজুরি বোর্ডের সুপারিশ অনুযায়ী পাঁচ হাজার তিনশ টাকা নূন্যতম মজুরি মেনে নিয়েছেন। কিন্তু তারপরও শ্রমিকরা আট হাজার টাকা মজুরির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সহিংসতার আশঙ্কায় বৃহস্পতিবার আশুলিয়ার সব পোশাক কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন মালিকপক্ষ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৮টার পর আশুলিয়ার নরসিংহপুর এলাকার হামীম গ্রুপ, নিট এশিয়া, বাংলাবাজার এলাকার আর্টিস্টিক ডিজাইন লি., ক্যাথে অ্যাপারেলসসহ ১০টি কারখানার শ্রমিকরা ন্যূনতম মজুরি আট হাজার টাকা করার দাবিতে কারখানা থেকে বের হয়ে বিক্ষোভ শুরু করে।
পরে তারা আশপাশের আরও বেশ কয়েকটি কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করে শ্রমিকদের বের করে নিয়ে আসে। বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল সোয়া ৮টা থেকে বাইপাইল, আব্দুল্লাহপুর মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা কয়েকটি গাড়ি ভাঙচুর করে ও রাস্তায় টায়ার, বাঁশ ও কাঠ দিয়ে আগুন ধরিয়ে দেয়।
এ সময় পুলিশ শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিতে চাইলে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতে নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট, জলকামানসহ হালকা লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ বিষয়ে শিল্প পুলিশের পরিদর্শক আবদুস সাত্তার বলেন, শ্রমিকদের বিক্ষোভ অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। আমরা বিক্ষুব্ধদের সরিয়ে দেয়া চেষ্টা করছি।




