ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় মঙ্গলবার দুপুরে বাসে আগুন দিয়ে বাসযাত্রীদের পুড়িতে হত্যা চেষ্টার অভিযোগে যাত্রাবাড়ী থানায় মামলা করেছে পুলিশ। মামলায় বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ ১২ জন বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
থানার পরিদর্শক (তদন্ত) অবনী শঙ্কর কর জানান, থানার এক উপ-পরিদর্শক (এসআই) বাদি হয়ে মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেন। মামলায় বাসে আগুন দিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ আনা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালের তৃতীয় দিন মঙ্গলবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে ঢাকা-আদমজী চলাচলকারী কোমল মিনিবাস সার্ভিসের যাত্রীবাহী বাসটিতে আগুন দেয় পিকেটাররা। এতে এক ছাত্রীসহ আট বাসযাত্রী দগ্ধ হয়। এছাড়া, হুড়োহুড়িতে আরো বেশ কয়েকজন আহত হয়। আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী জানান, মঙ্গলবার দুপুর দুইটার দিকে রায়েরবাগের হাশেম রোড এলাকার স্পিডবোর্ড সিএনজি ফিলিং স্টেশনের সামনে বাসটিতে পেট্টল দিয়ে আগুন দেয় পিকেটাররা।
যাত্রীরা জানান, দুর্বৃত্তরা যাত্রাবাড়ী মোড় থেকে যাত্রীবেশে বাসে উঠে হাশেম রোড এলাকায় পৌঁছলে বাসটিতে আগুন ধরিয়ে জানালা দিয়ে পালিয়ে যায়।




